Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়ি থেকে হাতির দলকে জঙ্গলে পাঠালেও ফিরল ২৫টির বেশি দাঁতাল

কেশিয়াড়ি থেকে হাতির দলকে জঙ্গলে পাঠালেও ফিরল ২৫টির বেশি দাঁতাল
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ি এলাকায় ঢুকে পড়া দলমার হাতির দলটিকে কলাইকুণ্ডা জঙ্গলে ফেরত পাঠিয়েছে বনদপ্তর। শনিবার রাতে ওই দলটিকে বনদপ্তর জঙ্গলে ফেরালেও সেই দলের প্রায় ২৫টির বেশি হাতি কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে ফিরে এসেছে। এতে বনদপ্তরের দুশ্চিন্তা বেড়েছে। গত শুক্রবার কেশিয়াড়িতে প্রায় ৭০টি হাতির একটি দল এসে পৌঁছেছিল। শনিবার বিকেলে হাতির দলটিকে দেখতে অত্যুৎসাহীরা ভিড় জমিয়েছিল। হাতির হানায় ১৪বছরের এক কিশোরের মৃত্যু হয়। কিশোরের দেহ খুঁজে পেতে রাত হয়ে যায়। হুলা পার্টি এনে গভীর জঙ্গলে ঢুকে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়। রবিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বনদপ্তরের তরফে মৃত্যুকালীন অনুদানের পাঁচ লক্ষ টাকাও ওই কিশোরের পরিবারকে দেওয়া হয়েছে। খাজরা পঞ্চায়েত এলাকায় ওই হাতির দল বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরও করে। ওই হাতির দলকে টানা দু’দিনের চেষ্টা শেষে শনিবার রাতেই কলাইকুণ্ডার জঙ্গলে ফেরাতে পেরেছিল বনদপ্তর। কিন্তু ২৫টি হাতি আবার ফিরে এসেছে। কিশোরের মৃত্যুর পর রবিবার সকালে জঙ্গলে হাতি দেখতে উৎসাহীদের ভিড় কমে গিয়েছিল। খড়্গপুরের ডিএফ‌ও মণীষ যাদব বলেন, আমরা শনিবার রাতে ওই দলের বেশিরভাগ হাতিকে তাড়িয়ে কলাইকুণ্ডার জঙ্গলে পৌঁছে দিয়েছি। কিন্তু প্রায় ২৫টি হাতি কেশিয়াড়িতে ফিরে এসেছে। এবার সেগুলিকে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। যে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, সেগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ