সংবাদদাতা, কালনা: ঘন কুয়াশায় ভাগীরথী নদীর কালনা-শান্তিপুর ফেরিঘাটে যাত্রী পরিষেবা বারবার বিঘ্নিত হচ্ছে। রবিবার ঘন কুয়াশার জন্য ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ ছিল। শান্তিপুর ও কালনার উভয় দিকে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তবে বেআইনিভাবে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতেও দেখা যায়।
Advertisement
ভাগীরথীর উপর কালনা-শান্তিপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার করেন। পাশাপাশি লোহার ভেসেলে ভারী যানবাহন পারাপার হয়। শীতে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকে। ফলে পারাপারে সমস্যা হওয়ায় ফেরিঘাট বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। রবিবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিক। কয়েক হাত দূরে কিছুই দেখা যাচ্ছিল না। বাধ্য লঞ্চে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। বেলা সাড়ে ৯টা নাগাদ কুয়াশা কাটলে ফেরি পরিষেবা স্বাভাবিক হয়। ফেরিঘাটের ম্যানেজার জয়গোপাল ভট্টাচার্য বলেন, শীতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মাঝেমাঝেই ফেরি পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। শনিবার গভীর রাত থেকে ঘন কুয়াশায় ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হয়। এদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকে। তারপর স্বাভাবিক হয়।



