সংবাদদাতা, তেহট্ট: দুর্গা, কালীপুজো বা জগদ্ধাত্রী পুজোর পর এবার পলাশীপাড়া মেতে উঠছে কার্তিক পুজোতে। প্রতিটি পুজো কমিটির মধ্যে বিভিন্ন ট্যাবলো, আলোকসজ্জা, ঘট বিসর্জনের শোভাযাত্রা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। পলাশীপাড়া এলাকাতে মহাসমারোহে দীর্ঘদিন থেকে কার্তিক পুজো হয়ে আসছে। এবারেও ছোটো বড় মিলে প্রায় ৪০টি পুজো হচ্ছে। কার্তিক মাসের শেষদিন অর্থাৎ সংক্রান্তির দিন পুজো হয়। অগ্রহায়ণ মাসের চার তারিখ শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন হয়। যা এলাকার বাসিন্দাদের কাছে কার্তিক লড়াই নামেই পরিচিত।
Advertisement
এবছর বিভিন্ন থিম করে আসরে নেমেছে পুজো উদ্যোক্তারা। কোথাও দেখা যাবে জল সংরক্ষণ থেকে সামাজিক সচেতনতার বার্তা আবার কোথাও ভুলভুলাইয়া সেই সঙ্গে আলোকসজ্জা দর্শনার্থীদের মন কাড়বে বলে জানালেন পুজো উদ্যোক্তারা। রামানন্দ মার্কেট পুজো উদ্যোক্তারা এবার তুলে ধরবে একটি গ্রামের দৃশ্য। কীভাবে মাটির বাড়িতে মানুষ বসবাস করে সেই দৃশ্যই দেখা যাবে। এই পুজোর বাজেট প্রায় দু’লক্ষ টাকা বলে জানালেন পুজো কমিটির সদস্য হীরেন নাথ। সেই সঙ্গে থাকবে রকমারি আলোকসজ্জা। সুব্রত স্মৃতি সংঘ তাঁদের প্যান্ডেল সাজিয়ে তুলছে তালপাতার পাখা ও বাঁশের ডালা দিয়ে। সেইসঙ্গে সুদৃশ্য আলোকসজ্জা থাকছে। রুদ্রনগর ঘোষপাড়া রবিন সংঘ পুজো কমিটির মণ্ডপে গেলে দেখা যাবে পুরানো মন্দির। সেই সঙ্গে তারা শোভাযাত্রাতে চমক দেবে। এই ক্লাবের প্যান্ডেল ও আলো দর্শনার্থীদের মন জয় করবে। এছাড়া স্টার ক্লাব, যুবক সংঘ, ষষ্ঠীতলা, সিনেমাহল পাড়া, রামনগর সহ অন্যান্য পুজোগুলিও দর্শনার্থীদের মন কাড়বে।
পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভবতোষ মণ্ডল বলেন, কার্তিক লড়াইয়ের মূল আকর্ষণের উপাদান হচ্ছে শোভাযাত্রা করে জলঙ্গি নদীতে ঘট বির্সজন। কার্তিক লড়াই দেখতে দূর-দূরান্তের মানুষ এখানে ভিড় জমান। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজোকে ঘিরে যাতে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুজোর ক’দিন সাদা পোশাকের পুলিস মণ্ডপ চত্বরে টহল দেবে।