সংবাদদাতা, কাটোয়া: সামনেই কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। শহরের রাস্তায় ঘুরবে ঐতিহ্যবাহী শোভাযাত্রা। তার আগে কাটোয়া শহরজুড়ে একাধিক রাস্তা সংস্কার শুরু করল পুরসভা। বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ৭টি ওয়ার্ডের মোট আড়াই কিমি রাস্তা সংস্কার হচ্ছে। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীরকুমার সাহা বলেন, কার্তিক লড়াইয়ের আগেই রাস্তাগুলির সংস্কার করা হচ্ছে। কাজ শুরু হয়ে গিয়েছে।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৪ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো রোড সংস্কার করা হচ্ছে। এখানে ৩ লক্ষ ২৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা, গোয়েঙ্কা মোড় হয়ে মাধবীতলা পর্যন্ত সংস্কার করা হচ্ছে। এখানে দু’ লক্ষ ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ড খড়ের বাজার, পঞ্চাননতলা, চাউলপট্টি হয়ে লেনিন সরণি পর্যন্ত সংস্কার করা হচ্ছে। সেখানে ৪ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের কারবালাতলা হয়ে আতুহাটপাড়া পর্যন্ত সংস্কার করা হচ্ছে। আর ১২ নম্বর ওয়ার্ডের সুবোধ স্মৃতি রোডটিও সংস্কার করা হচ্ছে। এই দু’টি ওয়ার্ডে মোট ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় দু’টি ধাপে সংস্কার করা হয়েছে। প্রথম ধাপে কাজের জন্য ৩ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তাগুলিতে নতুন করে পিচ ঢালা হচ্ছে। শহরের বেশ কিছু রাস্তার পিচ আংশিক উঠে গিয়েছিল। কোথাও কোথাও আবার ছোটখাটো গর্ত তৈরি হয়েছিল। সে সব কার্তিক লড়াইয়ের আগেই সংস্কার করা হচ্ছে। যাতে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় বিঘ্ন না ঘটে তারজন্যই দ্রুতগতিতে সংস্কার করা হচ্ছে। কাটোয়ার কার্তিক লড়াই ঐতিহ্যবাহী। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া প্রভৃতি জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় কাটোয়ার কার্তিক লড়াই দেখতে। তাই এখন থেকেই সাজো সাজো রব।



