Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কার্তিক বিসর্জনে সদস্যদের নিষিদ্ধ বাজি না ফাটানোর বার্তা সোনামুখীর পুজো কমিটির

কার্তিক বিসর্জনে সদস্যদের নিষিদ্ধ বাজি না ফাটানোর বার্তা সোনামুখীর পুজো কমিটির
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীতে কালী প্রতিমার বিসর্জনে শব্দবাজি ফাটানোর অভিযোগে পুলিস উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা করেছিল। কার্তিক বিসর্জনেও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য পুজো উদ্যোক্তারা আগাম সতর্ক হয়েছেন। প্রশাসনের নিষেধাজ্ঞা যাতে অমান্য না করা হয়, তারজন্য পুজো উদ্যোক্তারা নিজেরাই কমিটির সঙ্গে যুক্ত প্রত্যেককে ডেকে ডেকে কড়া বার্তা দিচ্ছেন। সোনামুখীর এক পুলিস আধিকারিক বলেন, পুজো উদ্যোক্তারের বাজির বিকল্প হিসেবে আলোকমালার উপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 
Advertisement
সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায় বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার কালীপুজোর বিসর্জনে শব্দবাজি অনেক কম ফেটেছে। তবে কার্তিকপুজোর বিসর্জনে যাতে একেবারে তা বন্ধ করা যায়, সেই ব্যাপারে বৈঠক করে প্রত্যেক পুজো উদ্যোক্তাকে সতর্ক করা হয়েছে। শহরের চৌরাস্তায় সংকীর্ণ জায়গার ভিড়ের কারণে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই জন্য আগামী বছর কালী ও কার্তিক দুই পুজোর শোভাযাত্রার স্থান পরিবর্তন করা হবে।প্রসঙ্গত, কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ফাটানোর জন্য পুজো উদ্যোক্তা তথা তৃণমূলের সোনামুখী শহর সভাপতি তপন‌঩঩জ্যোতি চট্টোপাধ্যায় সহ শহরের তিন পুজো কমিটির ৫৩ জন কর্মকর্তার বিরুদ্ধে পুলিস মামলা করে। সোনামুখী শহরে কালীপুজোর মতোই কার্তিক পুজোতেও একইভাবে বিসর্জনের শোভাযাত্রা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে,  আগামী ২০নভেম্বর সেই শোভাযাত্রা হবে। মোট ১৯টি কার্তিক প্রতিমার শোভাযাত্রা বেরবে। সন্ধ্যা থেকে তা শুরু হবে। সারারাত ধরে চলবে। সেই জন্য শহরের চৌরাস্তায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়। ইতিমধ্যে সমন্বয় কমিটির একাধিক বৈঠক করা হয়েছে। তাতে শব্দবাজি যাতে একেবারেই না ফাটে সেব্যাপারে পুলিসের তরফে পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হয়েছে।  তপনজ্যোতিবাবু বলেন, বৈঠকে প্রশাসনের তরফে যেমন সতর্ক করা হয়েছে, তেমনই শহরের পুজো উদ্যোক্তারা নিজেরাও সদস্যদের পরামর্শ দিচ্ছেন। তবে বিয়েবাড়ি অথবা অন্যান্য অনুষ্ঠানে যেসব বাজি পোড়ানো হয়, সেগুলি ব্যবহারের যাতে অনুমতি দেওয়া হয়, সেব্যাপারে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। এরপর প্রশাসন যেমন নির্দেশ দেবে, সেরকমভাবেই প্রস্তুতি নেওয়া হবে। ইতিমধ্যে এব্যাপারে কমিটির সাধারণ সদস্যদের আইন মানার কথা বলা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ