Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

কুর্সি দখলের মরিয়া চেষ্টা

কুর্সি দখলের মরিয়া চেষ্টা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সম্পূর্ণ ফ্রিতে পরিষেবা। আম জনতার দুঃখ-কষ্ট ঘুচিয়ে, চোখের জল মোছাতে কে, কত পরিষেবা দেবে, ভোটের ময়দানে নেমে রীতিমতো ঢেঁড়া পিটিয়ে তা জানিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলি। নিলাম ডাকার ভঙ্গিতে ‘দানের’ এই প্রতিযোগিতার তীব্র লড়াইয়ের আঁচ মেলে ভোটের আগেই। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। দিল্লি বিধানসভা ভোটের দিকে চোখ রাখলে ছবিটা পরিষ্কার হবে। ৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট আগামী ৫ ফেব্রুয়ারি। ওই রাজ্যে বসে দশ বছরের বেশি সময় ধরে নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকার চালালেও গত ২৬ বছর দিল্লির বিধানসভা অধরা রয়ে গিয়েছে বিজেপির কাছে। এর মধ্যে শেষ এগারো বছর আম আদমি পার্টির দখলে দিল্লি বিধানসভা। বিজেপি তাই মরিয়া এবার। জনসংখ্যার তথ্য বলছে, রাজধানীর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ আসলে অন্য রাজ্য থেকে এসে এখানে রয়েছেন। আর গত লোকসভা ভোটে বিজেপির ২৪০ আসনে নেমে যাওয়াটা বুঝিয়ে দিয়েছে, শুধু হিন্দুত্বের প্রচার করে হয়তো দিল্লির কুর্সি দখল করা যাবে না। অতএব এবারের ভোটের রণাঙ্গনে তাদের ধর্ম, হিন্দুত্ব, সংখ্যালঘু বিদ্বেষের চেনা প্রচার পিছনের সারিতে চলে গিয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মন্ত্রে আপ এবং কংগ্রেসের পথে ঢালাও খয়রাতি (কেন্দ্রের শাসকের ভাষায়) বিলির প্রতিশ্রুতিকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এবং এই ‘ফ্রি’ পরিষেবা নিয়ে রীতিমতো টক্কর চলছে। যেমন, আপ জানিয়েছে, ক্ষমতায় এলে মহিলা সম্মান যোজনায় মাসে ২১০০ টাকা করে পাবেন মহিলারা। সুর চড়িয়ে বিজেপি এবং কংগ্রেস জানিয়েছে, তাদের জেতালে মহিলারা পাবেন মাসে ২৫০০ করে টাকা। ভোট বড় বালাই, তাই ২০৪৭-এ বিকশিত ভারতের স্বপ্ন দেখানো মোদির দল জিতে ক্ষমতায় এলে রাজধানী শহরে ক্যান্টিন খুলে পাঁচ টাকায় রান্না করা খাবার বিলির প্রতিশ্রুতিও দিয়ে রেখেছে। 
Advertisement
এসব দেখেশুনে দিল্লির ভোটাররা আড়ালে মুচকি হাসলেও তাঁদের দোষ দেওয়া যাবে না। কারণ, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সাফল্যের পর নরেন্দ্র মোদি এই ‘খয়রাতি’ বা ‘রেউড়ি’ বিলির তীব্র নিন্দা করে অনেক লম্বা-চওড়া কথা বলেছিলেন। দিল্লির আপ সরকার বিদ্যুতের বিলে ভর্তুকি দেওয়ায় তারও বিরোধিতা করেছিল বিজেপি। সে সব বেমালুম ভুলে মোদির দলই মহারাষ্ট্রে বিদ্যুতের বিলে ৩০ শতাংশ ভর্তুকির কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষার্থীদের পঠনপাঠনের সুবিধার্থে ‘ট্যাব’ দেওয়ার নীতি কিংবা কন্যাশ্রীর তীব্র বিরোধী হলেও মহারাষ্ট্রে তারাই দশ লক্ষ শিক্ষার্থীকে মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দিল্লিতেও দেখা যাচ্ছে, আপ এবং কংগ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে, কোথাও বা তাদের ছাপিয়ে গিয়ে সেই ‘রেউড়ি’ বিলির পথেই হেঁটেছে মোদি-অমিত শাহের দল। প্রায় নিলাম ডাকার ভঙ্গিতে দর চড়িয়েছে তারা। এমন ‘দ্বিচারিতা’র একটাই মানে দাঁড়ায়, যে রাজ্যে অন্য দল ক্ষমতায় সেখানে বুনিয়াদি অর্থনীতির কথা বলে ‘খয়রাতি’ বিলির বিরোধী পদ্মশিবির। কিন্তু ক্ষমতা দখল করতে প্রয়োজনে সেই ‘রেউড়ি’ রাজনীতিকে আঁকড়ে ধরতে তাদের আপত্তি নেই! তাই বোধহয় প্রধানমন্ত্রীকেও এখন আর রেউড়ি রাজনীতি নিয়ে মুখ খুলতে বিশেষ দেখা যায় না। 
তবে একটা স্বস্তির কথা হল, এবার দিল্লির ভোটে অন্তত জাতপাত, ধর্ম, বিভাজনের কথা তেমন জোরালো ভাবে শোনা যাচ্ছে না। দুর্ভাগ্যের হলেও সত্যি যে, এই ভোটের প্রচারে শিক্ষা, স্বাস্থ্য, দূষণ, পরিকাঠামো, বেকারি দূরীকরণ, রুটি-রুজি— এককথায় মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন এবং তার সমাধান কোন পথে— তা নিয়েও বিশেষ উচ্চবাচ্য নেই। কিন্তু প্রতিশ্রুতির মতো খয়রাতির নগদ বা পরোক্ষ সুবিধাগুলি গরিব-মধ্যবিত্তের কাছে পৌঁছলে তার ইতিবাচক দিকটিকে অস্বীকার করা যাবে না। কারণ, ‘খয়রাতির’ সেই অর্থ তো মানুষ ভোগ ও প্রয়োজনেই ব্যয় করবে। তাতে বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। অর্থনীতির চাকা গড়াবে। এতে স্থায়ী সমাধান না হলেও কিছু সুরাহা তো মিলবে। তাই বিভিন্ন রাজ্যে মূলত আঞ্চলিক দলগুলির সেই ‘পাইয়ে’ দেওয়ার রাজনীতিই এখন সব দলের ভোটে জেতার অন্যতম টোটকা হয়ে উঠেছে। শুধুমাত্র নীতি আদর্শের কথায় আর ভোটবাক্স ভরছে না। অতএব ভোটের ময়দানে খেলতে নেমে প্রায় সব ভারতীয় রাজনৈতিক দলই সেই একই পথ অনুসরণ করছে। তাই দিল্লির ভোটে শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে তার জন্য অপেক্ষা করতে হবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Advertisement
সম্পর্কিত সংবাদ