সংবাদদাতা, হলদিবাড়ি: অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার করে সিডব্লুসির হাতে তুলে দিল হলদিবাড়ি থানার পুলিস। উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বছর সতেরোর পয়লা জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। টিউশন যাওয়ার নাম করেই সে বাড়ি থেকে বেরিয়েছিল। সকাল গড়িয়ে রাত হলেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। শুরু হয় খোঁজ। আত্মীয়-স্বজন সহ বন্ধুবান্ধব থেকে শুরু করে সবার কাছে চলে খোঁজ। বাধ্য হয়ে ২ জানুয়ারি রাতে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। অভিযোগের গুরুত্ব বুঝে শুরু হয় তদন্ত। তাতে উঠে আসে, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের গঙ্গাদেবী বটতলা রয়েছে ওই নাবালিকা। পুলিস পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয় ওই এলাকায়। ক্রান্তি আউটপোস্টের পুলিসের সহায়তায় ৩ জানুয়ারি উদ্ধার করা হয় ওই কিশোরীকে। শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর কোচবিহারের সিডব্লুসির হাতে কিশোরীকে তুলে দেওয়া হয়।



