সংবাদদাতা, শান্তিনিকেতন: বাড়ির ছাদে বাগান রক্ষা করতে দেওয়া হয়েছিল জাল। তার মধ্যেই জড়িয়ে যায় হনুমানের ছানা। স্থানীয়দের বেশ কিছুক্ষণের প্রচেষ্টা সত্ত্বেও তাকে মুক্ত করা যায়নি। পরে খবর দেওয়া হয় বনদপ্তরকে। তারা এসে শিশুটিকে মুক্ত করে ফিরিয়ে দেয় মা হনুমানের কোলে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায় কীর্ণাহারের চৌরাস্তা এলাকায়। স্থানীয় পীযূষকান্তি মণ্ডলের তিনতলা বাড়ির ছাদে ফুলবাগান রয়েছে। পশুপাখিদের হাত থেকে রক্ষা করতে তার চারিদিকে জাল দেওয়া আছে। বুধবার সেই জালে আটকে যায় হনুমানের একটি ছানা। কিন্তু সেই সময় পীযূষবাবুরা কেউ বাড়িতে ছিলেন না। সে কারণেই বেশ কিছুক্ষণ ছানাটি জালের মধ্যে আটকে থেকে যায়। পরে তারা ফিরে এসে চেষ্টা করেন ছানাটিকে ছাড়ানোর। পাড়া-প্রতিবেশী সহ স্থানীয়রাও বেশ কিছুক্ষণ ধরে জাল থেকে মুক্ত করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করতে থাকেন। কিন্তু কোনওভাবেই তাঁরা পেরে উঠছিলেন না। মা হনুমানটি তার সন্তানের পাশে কাউকে যেতে দেখলেই আক্রমণ করতে আসছিল। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর খবর দেওয়া হয় বনদপ্তরকে। তারা এসে জাল কেটে মুক্ত করে দিতেই হনুমানের ছানাটি ফিরে যায় অপেক্ষারত মায়ের কোলে। বনকর্মীদের সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে হনুমানের ছানাটির কোনও আঘাত বা শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা পড়েনি। তাই স্বাভাবিকভাবেই তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।



