Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কীর্ণাহারে বাড়ির সামনে বৃদ্ধার সোনার হার ছিনতাই

কীর্ণাহারে বাড়ির সামনে বৃদ্ধার সোনার হার ছিনতাই
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: বাড়ির সামনে থেকে প্রাক্তন পুলিস আধিকারিকের স্ত্রীর গলার সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ধাওয়া করতে গেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চম্পট দেয় তারা। ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে কীর্ণাহারের হাইস্কুল সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে এলাকায় আসে কীর্ণাহার থানার পুলিস। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কীর্ণাহারের হাইস্কুল পাড়ায় বাড়ির সামনেই বসেছিলেন প্রাক্তন পুলিস আধিকারিকের স্ত্রী বছর ৭০-এর বৃদ্ধা গায়ত্রী পাল। এদিন বিকেল ৫টা নাগাদ বাইকে দু’জন কথা বলার ছলে তাঁর কাছে এসে দাঁড়ায়। আচমকাই বৃদ্ধার গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। বৃদ্ধার চিৎকারে তাঁর ছেলে ও স্থানীয় বাসিন্দারা এসে পৌঁছন। এরপরই মোটরবাইক নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করতে গেলে আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখিয়ে ক্যানেলপাড়ের দিকে পালিয়ে যায় তারা। উল্লেখ্য, গত কয়েক মাসে কীর্ণাহার থানা এলাকায় বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে। এদিনের ঘটনার পর আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধার ছেলে সুকেশ পাল বলেন, মায়ের চিৎকার শুনে বাইরে এসে সোনার হার ছিনতাইয়ের কথা জানতে পারি। ধাওয়া করতে গেলে আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায়। এভাবে বাড়ির সামনে থেকে ছিনতাইয়ের ঘটনা আগে কখনও ঘটেনি। কতটা বেপরোয়া হলে দুষ্কৃতীরা এমন কাজ করতে পারে তা ভেবেই আতঙ্কিত আমরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ