সংবাদদাতা, করণদিঘি: ধানজমি থেকে পা ও হাতের হাড় সহ খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য করণদিঘি থানার লাহুতাড়া ১নং গ্ৰাম পঞ্চায়েতের কেশবপুর গ্ৰামে। জমির মালকেশবপুর গ্ৰামের বাসিন্দা আব্দুল রশিদ জানিয়েছেন, বুধবার বিকেলে মেশিন দিয়ে ধান কাটার সময় নজরে পড়ে হাত, পা, কঙ্কাল সহ মাথার খুলি। ধান কাটা বন্ধ করে গ্ৰামের বাসিন্দা এবং করণদিঘি থানায় খবর দেওয়া হয়। অন্য বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, কঙ্কালের পাশেই কানের দুল, চুল, একটি টি শার্ট সহ গামছা উদ্ধার হয়। তবে দেহটি পুরুষ নাকি মহিলার বোঝা যায়নি। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, কেশবপুর মাঠে ধানজমিতে খুলি, কানের দুল,জামাকাপড় সহ একটি গামছা পাওয়া গিয়েছে। নমুনা সংগ্রহ করে রায়গঞ্জ মেডিক্যালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট পেলেই বিস্তারিত বলা যাবে।



