সংবাদদাতা, করণদিঘি: অপরাধ রুখতে করণদিঘি থানার নাগর ৩৪ নং জাতীয় থেকে দোমহনা ও রাজ্য সড়ক রসাখোয়া পর্যন্ত জায়গাগুলিতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। যানজট মোকাবিলাতেও নেওয়া হবে এই সিসি ক্যামেরার সাহায্য। করণদিঘির বিভিন্ন এলাকায় ৪০ টি সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিস। সম্প্রতি করণদিঘি এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছিল। কিন্তু অপরাধ রুখতে পদক্ষেপ করছে পুলিস প্রশাসন। পুলিস সূত্রে জানা গিয়েছে, করণদিঘির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, ধর্মীয় স্থান, বাজার এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকার একদিকে বিহার সীমানা। অন্যদিকে বাংলাদেশ সীমান্ত। করণদিঘির উপর দিয়ে চলে গিয়েছে জাতীয় সড়ক ও রাজ্যসড়ক। বিভিন্ন সময় বিহারের দুষ্কৃতীরা করণদিঘিতে ঢুকে অপরাধ করে পালিয়ে যায়। রায়গঞ্জ পুলিস জেলার উদ্যোগে তাই করণদিঘি থানা এলাকায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। করণদিঘি থানার বোলতবাড়ি, বিহিনগর, টুঙ্গিদিঘি সহ বেশ কয়েকটি জায়গায় নতুন সিসি ক্যামেরা বসানো হয়েছে। জাতীয় সড়কের পাশে বেশ কিছু হোটেলের পাশেও সিসি ক্যামেরা বসবে।



