Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরের স্কুলগুলিই প্রথম পছন্দ ডোমকলের পড়ুয়াদের

করিমপুরের স্কুলগুলিই প্রথম পছন্দ ডোমকলের পড়ুয়াদের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: নতুন শিক্ষাবর্ষে করিমপুরের স্কুলগুলিতে পড়শি জেলার পড়ুয়াদের ভিড় বাড়ছে। গত কয়েক বছর থেকেই মুর্শিদাবাদ জেলার বহু ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। ভবিষ্যতে পড়াশোনার সুবিধার জন্যই ছেলেমেয়েদের করিমপুরে ভর্তি করছেন বলে জানান অভিভাবকরা। জানা গিয়েছে, শিক্ষাবর্ষের শুরুতে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বক্সীপুর, কামুড়দিয়ার গ্রামের বহু ছাত্রছাত্রী করিমপুরের অভয়পুর, মধ্য গোপালপুর, করিমপুর জিএসএফ স্কুলে ভর্তি হচ্ছে। এর আগে থেকেই ওই এলাকার পড়ুয়ারা করিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়, করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় কিংবা করিমপুর পান্নাদেবী কলেজে পড়াশোনা করে। তবে আগে তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণি পাশ করে উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতো। কিন্তু এখন প্রাক প্রাথমিক থেকেই বাচাদের করিমপুরের স্কুলগুলিতে ভর্তি করছেন অভিভাবকরা। বক্সীপুর গ্রামের এক অভিভাবক মনিরুল ইসলাম বলেন, আমরা এলাকার স্কুলে পড়াশোনা ভালো হয় না। কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময়ে আমরা অনেকেই করিমপুরে থাকি। তাই ছেলেকে প্রাক প্রাথমিক থেকে করিমপুরের স্কুলে ভর্তি করছি। করিমপুরের স্কুলে তুলনায় ভালো পড়াশোনা হয়। তাছাড়া এখনই প্রাথমিক স্কুলে ভর্তি করলে পরে প্রাথমিক পাশ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তির সময়ে অনেক সুবিধা হয়। আরেক অভিভাবক সেলিনা বিবি বলেন, আমাদের গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও উচ্চ বিদ্যালয় কিংবা কলেজ অনেক দূরে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চ মাধ্যমিক এবং তারপরে কলেজে পড়ার জন্য সবাইকে করিমপুরের স্কুল-কলেজে ভর্তি হতেই হয়। তখন অন্য জেলার ছাত্র বলে অনেক সময় স্কুলগুলো ভর্তি নিতে চায় না। তাই শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলে পরে হাই স্কুল বা কলেজে ভর্তির সমস্যা থাকে না। আমাদের কলেজ মানে প্রায় পনেরো কিমি দূরের ডোমকলে যেতে হয়। অথচ করিমপুর কলেজ বাড়ি থেকে মাত্র দুই কিমি দূরত্বে। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বক্সীপুর, কামুড়দিয়ার সহ অনেক গ্রাম নদীয়ার করিমপুরের পাশেই অবস্থিত। জলঙ্গি নদী দুই জেলাকে আলাদা করেছে। মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ কাজের জন্য করিমপুরে আসেন। ফলে করিমপুরে পড়াশোনা তাদের অনেক বেশি সুবিধার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ