Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে উপ ডাকঘরে লিঙ্কের সমস্যায় হয়রানি, ক্ষুব্ধ গ্রাহকরা

করিমপুরে উপ ডাকঘরে লিঙ্কের সমস্যায় হয়রানি, ক্ষুব্ধ গ্রাহকরা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: করিমপুরের যমশেরপুর উপ ডাকঘরে রোজ অনেকক্ষণ লিঙ্ক না থাকায় ভোগান্তি লেগেই রয়েছে। প্রতিদিন সকালে কাজের শুরুতে এই সমস্যায় ডাকঘরের কর্মী ও গ্রাহকরা হয়রান হচ্ছেন। এজন্য ক’দিন ধরে প্রায় এক-দেড় ঘণ্টা দেরিতে কাজ শুরু হচ্ছে বলে ডাকঘরের কর্মীরা জানান।
Advertisement
শুক্রবার সকাল সাড়ে ৯টায় হোগলবেড়িয়ার মহেশেরপাড়া থেকে কেওয়াইসি জমা দিতে ডাকঘরে এসেছিলেন মিনতি সরকার। তিনি বলেন, দু’ঘণ্টা বসে থাকার পর লিঙ্ক এলে কর্মীরা কাজ শুরু করেন। বেশ কিছুদিন ধরে এই সমস্যায় ডাকঘরে ভিড় জমে যাচ্ছে। কাজে দেরি হচ্ছে। অপর এক গ্রাহক জামাল মণ্ডল বলেন, এই ডাকঘরে সপ্তাহে শুধু শুক্রবার কেওয়াইসি জমা নেওয়া হয়। অথচ রোজ প্রথম দেড়-দু’ঘণ্টা লিঙ্কের সমস্যায় সমস্ত কাজ দেরিতে হচ্ছে।
গোপালনগরের বাসিন্দা সুচিত্রা নাথ বলেন, মাঝেমধ্যেই লিঙ্কের সমস্যায় বসে থাকতে হয়। ডাকঘরে যাওয়া মানে সারাদিনের কাজ পণ্ড। গতবছরও একটানা তিন মাস লিঙ্ক ছিল না। তখন দরকার পড়লেও ডাকঘরে জমানো টাকা তোলা যায়নি। বাড়িতে অনুষ্ঠান বা চিকিৎসার প্রয়োজনে টাকা তুলতে এসে লিঙ্ক না থাকায় খালি হাতে ফিরতে হয়েছে। এখন অত সমস্যা না হলেও লিঙ্কের সমস্যায় কাজে দেরি হচ্ছে।
যমশেরপুর ডাকঘরের এক কর্মী বলেন, একটি ডিভাইস খারাপ হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে এই সমস্যা হয়েছে। ডাকঘর বন্ধের সময় সংযোগ কেটে দেওয়া হয়। পরদিন করিমপুর অফিস থেকে লিঙ্ক চালু করলে তবেই এখানে লিঙ্ক আসে। তাই দিনের শুরুতে একটু সময় লিঙ্ক থাকছে না। তবে ১১টা নাগাদ লিঙ্ক চলে আসছে। দু’একদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে।
এই ডাকঘরে প্রায় সাড়ে তিনহাজার গ্রাহক রয়েছেন। টাকা লেনদেন ও কেওয়াইসি জমা নেওয়ার প্রচুর চাপ আছে। প্রতিদিনই ডাকঘরে গ্রাহকদের ভিড় থাকে। তাড়াতাড়ি সমস্যা মেটানো হোক-এটাই চাইছেন গ্রাহকরা।
সম্পর্কিত সংবাদ