Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে তৈরির ৩মাসেই কোটি টাকার রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষোভ

করিমপুরে তৈরির ৩মাসেই কোটি টাকার রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষোভ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: এক কোটির বেশি টাকা খরচ করে তৈরি হয়েছিল রাস্তা। কিন্তু তিনমাসের মধ্যেই সেই রাস্তার পিচ ও পাথর উঠে যাচ্ছে। করিমপুরে প্রায় তিন কিমি পাকা রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ উঠল। এঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এসআরডিএ’র নদীয়ার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চন্দন সরকার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গতবছরের শেষদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বরাদ্দ ১ কোটি ১৭ লক্ষ টাকায় শিকারপুর পঞ্চায়েতের কেচুয়াডাঙা উচ্চবিদ্যালয় থেকে যমশেরপুর পঞ্চায়েতের আরবপুরের বাদুড়তলা অবধি প্রায় তিন কিমি রাস্তার কাজ শেষ হয়েছে। শিকারপুরের মজে যাওয়া ভৈরব নদী পেরিয়ে যাতায়াতের জন্য রাস্তাটি গড়া হয়েছে। এজন্য প্রথমে ইটের কাজ, পরে পাথর ও পিচের কাজ হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, কয়েকবছর আগেও ভৈরব নদীতে জল থাকত। কিন্তু এখন বর্ষাকাল ছাড়া ভৈরবে জল থাকে না। এর আগে শুকনো ভৈরবের উপর দিয়ে যাতায়াতের জন্য মাটি তুলে রাস্তা তৈরি হয়েছিল। সেসময় একটি ছোট কালভার্টও গড়া হয়েছিল। পরে রাজ্য সরকার বহু টাকা খরচ করে নতুন স্থায়ী রাস্তা তৈরি করেছে। কিন্তু তৈরির কয়েকমাস পরই রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তার কাজের শুরুতেই অভিযোগ উঠেছিল, নদীর মাঝে নতুন কালভার্ট তৈরি হয়নি। রাস্তাটিও নিচু করে তৈরি হচ্ছে। ফলে বর্ষাকালে রাস্তা জলে ডুবে যাতায়াতে সমস্যা হবে। এবার পিচ ও পাথর উঠে যাওয়া নিয়ে স্থানীয়রা তাই অত্যন্ত ক্ষুব্ধ। শিকারপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অনুপ বিশ্বাস বলেন, মোটা টাকা ব্যয়ে পাকা রাস্তা তৈরি হয়েছিল। এখন কিছুদিনের মধ্যে সেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এব্যাপারে এসআরডিএ’র বাস্তুকারকে জানানো হলেও কোনও সুরাহা হচ্ছে না। স্থানীয় বিজেপি নেতা জীবানন্দ সাহা বলেন, রাস্তাটি করিমপুর-শিকারপুর যাতায়াতে বাইপাস হিসেবে ব্যবহৃত হয়। এতে বহু মানুষ উপকৃত হয়েছেন। কিন্তু তিনমাসের মধ্যে রাস্তা খারাপ হয়ে পড়া মেনে নেওয়া যায় না। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, উন্নয়নের কাজে কোনও খামতি রাখা যাবে না। ওখানে রাস্তা তৈরিতে গাফিলতি ছিল কিনা-তা খোঁজ নিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ