Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুর থেকে উত্তরবঙ্গ রুটে আরও বাসের দাবি

করিমপুর থেকে উত্তরবঙ্গ রুটে আরও বাসের দাবি
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: জেলার সীমান্ত শহর করিমপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য অসংখ্য বাস পরিষেবা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জন্য মাত্র একটি বেসরকারি বাস রয়েছে। ফলে যে কোনও কাজে উত্তরবঙ্গে যাতায়াতে এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। সেজন্য উত্তরবঙ্গ রুটে আরও বাস চালুর দাবি উঠেছে।
Advertisement
করিমপুর বাসমালিক সমিতির তরফে নিলয় মণ্ডল বলেন, ওই রুটে যাত্রী কম হওয়ায় রোজ বাস চালানো সম্ভব নয়। তাই বাস মালিকরা উত্তরবঙ্গগামী বাস চালান না। ওই রুটে বাসের ব্যবস্থা করতে সরকার পদক্ষেপ করলে মানুষ উপকৃত হবেন।
প্রায়১৫বছর ধরে রোজ সন্ধ্যায় করিমপুর বাসস্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাস বহরমপুর, মালদহ, শিলিগুড়ি হয়ে কোচবিহার পর্যন্ত যাতায়াত করে। বছর দশেক আগে করিমপুর, নাজিরপুর, পলাশী, বহরমপুর, মালদহ হয়ে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস চালু হয়েছিল। কিন্তু কিছুদিন চলার পরই সেই বাসটি বন্ধ হয়ে যায়। এখন করিমপুর-কৃষ্ণনগর রুটে প্রায় ১৫০টি বাস চলাচল করে। করিমপুর থেকে বহরমপুর রুটে রোজ প্রায় ১০০টি বাস চলে। এছাড়া, কলকাতা, বর্ধমান, দীঘা রুটেও একাধিক বাস চলে। কিন্তু উত্তরবঙ্গের জন্য এখনও মাত্র একটি বাস রয়েছে। একারণে যাত্রীদের সমস্যায় পড়তে হয়।
করিমপুর ও আশপাশের এলাকার মানুষ ঘুরতে যাওয়া ছাড়াও নানা কাজে মালদহ, শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের নানা জায়গায় যাতায়াত করেন। কিন্তু উত্তরবঙ্গ রুটে সরাসরি পর্যাপ্ত বাস না থাকায় তাঁদের ভুগতে হয়।
করিমপুরের ব্যবসায়ী গণেশ মালাকার বলেন, ব্যবসার কাজে প্রতি মাসেই আমাকে ও আমার কয়েকজন কর্মচারীকে শিলিগুড়িতে যেতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ই বহরমপুর গিয়ে সেখান থেকে আবার বাস বা ট্রেন ধরতে হয়। সঙ্গে ব্যাগ ও অন্য জিনিসপত্র থাকায় অসুবিধা হয়। বহু মানুষ দার্জিলিং বা সিকিম বেড়াতে গেলেও একই সমস্যায় পড়েন।
করিমপুরের এক বাসমালিক বলেন, বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি, কোচবিহার যাওয়ার জন্য প্রচুর যাত্রী এতে বাসের খোঁজ করেন। কিন্তু একটিমাত্র বাস থাকায় অনেকেই তাতে সিট রিজার্ভ করতে না পেরে সমস্যায় পড়েন। কলকাতা বা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে যাতায়াত অনেক কম হওয়ায় ওই রুটে বাস চলাচলে মালিকদের আগ্রহ কম।
 
সম্পর্কিত সংবাদ