Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে পদ্মা নদীর চরে মনমুগ্ধকর পরিবেশে বাড়ছে পিকনিকের জন্য ভিড়

করিমপুরে পদ্মা নদীর চরে মনমুগ্ধকর পরিবেশে বাড়ছে পিকনিকের জন্য ভিড়
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: বছর দশেক আগেও করিমপুর ও আশেপাশের এলাকার মানুষ পিকনিক করতে লালবাগ, মায়াপুরে বা অন্যত্র ছুটতেন। এখন সেই ছবি বদলেছে। সীমান্তের পিকনিক স্পট হোগলবেড়িয়ার কাছারিপাড়ায় পিকনিকের ভিড় বাড়ছে। আশেপাশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই পার্ক। অন্য বছরের মতো এবারেও শীত পড়তেই বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ এখানে আসছেন পিকনিক করতে। জানা গিয়েছে, বছর কুড়ি আগে সীমান্তের পদ্মা নদী প্রায় আট কিমি উত্তর দিয়ে বইত। কিন্তু ভাঙনের ফলে পদ্মা চলে আসে কাছারিপাড়ায়। সেই পদ্মা পাড়ে অন্য সময় চাষ হয়। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাছারিপাড়া সীমান্ত ওয়েলফেয়ার সোসাইটি সেখানে পিকনিক পার্ক তৈরি করে। পিকনিকের জন্য সেখানে শৌচালয় থেকে পানীয় জল, রান্নার সরঞ্জাম থেকে জ্বালানি গ্যাস সবই মেলে এখানে। করিমপুরের বাসিন্দা সৌমিক রায় বলেন, সোমবার আমরা পাড়া থেকে প্রায় একশোজন ওখানে পিকনিক করতে গিয়েছিলাম। স্পট ভাড়া সামান্য, তাছাড়া সমস্ত জিনিস ওখান থেকেই নেওয়া হয়েছিল। ওখানে পিকনিক করতে সঙ্গে কিছু না নিয়ে গেলেও চলবে। রিক্তা চক্রবর্তী বলেন, সীমান্তের বাংলাদেশ, চারিদিকে হলুদ সর্ষে খেত দেখার মনোরম পরিবেশ সবাইকে মুগ্ধ করে। পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করে মজা পেয়েছি বাচ্চা বড় সকলেই। দূরে যাওয়ার অনেক রকম ঝক্কি থাকে। অল্প সময়ে কম খরচে বেশি আনন্দ করার জন্য এটা এখন সবচেয়ে ভালো স্পট মনে করছে সবাই। কাছারিপাড়া সীমান্ত ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সন্তোষ জোয়ারদার জানান, নদীয়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিগত কয়েক বছর বহু মানুষ আসছেন। এবছরেও প্রতিদিন গড়ে আশি-নব্বইটি দলে প্রায় দুই আড়াই হাজার মানুষ পিকনিক করছেন। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের পাশাপাশি থানার পুলিস এখানে পাহারা দেয়। বহিরাগত মানুষকে সব রকম পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। যাতে কেউ কোনও সমস্যায় না ভোগেন। এছাড়া বিভিন্ন মানুষের সমাগমের মাঝে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তার দিকেও আমাদের সদস্য ও প্রশাসনের নজর থাকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ