Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে কমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

করিমপুরে কমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: সারা রাজ্য তথা জেলার পাশাপাশি এবছর করিমপুরেও কমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। ২০১৭ সালে পঞ্চম শ্রেণীতে ভর্তির সময় এই পরীক্ষার্থীদের বয়সের নিয়মের কারণে যেমন কমেছে পাশাপাশি রয়েছে তেমনি স্কুলছুটের জন্যও পরীক্ষার্থী কমেছে বলে দাবি শিক্ষকদের। জানা গিয়েছে, এবছর করিমপুর ১ ব্লক এলাকার মোট চারটি পরীক্ষাকেন্দ্র জমশেরপুর বিএন হাই স্কুল, করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়, হোগলবেড়িয়া আদর্শ শিক্ষা নিকেতন ও সেনপাড়া রাধারাণী হাই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ৭৪৬ ও ২ ব্লক এলাকায় মহিষবাথান এমএম বিদ্যামন্দির, থানারপাড়া হাই মাদ্রাসা ও গোয়াস উচ্চ বিদ্যালয় এই তিনটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসছে মাত্র ৩১০ জন। গত বছর দুটি ব্লকে যেখানে প্রায় আড়াই হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র এক হাজারের সামান্য বেশি। 
Advertisement
এব্যাপারে সীমান্ত ঘেঁষা পিপুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম তেওয়ারি বলেন, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল তখন বয়সের কড়াকড়িতে ছাত্র ভর্তি সংখ্যা অনেক কমে গিয়েছিল। এই ব্যাচ যখন দুই বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তখনও পরীক্ষার্থী সংখ্যা অন্য বছরের থেকে কম ছিল। তবে গত দুই বছরে বহু ছাত্র স্কুলছূট হয়েছে। সেই কারণে এবার অন্য বছরের তুলনায় মাত্র ৪০ শতাংশ পরীক্ষার্থী রয়েছে। তিনি আরও জানান, আমার স্কুলে এই ব্যাচের মোট ২১ জন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল। মাধ্যমিকে ছিল ১১ জন। তারমধ্যে এবার মাত্র ৬ জন উচ্চ মাধ্যমিকে বসছে। একই কথা জানান বেড় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপদ বাড়ুই। তিনি জানান, পঞ্চম শ্রেণীতে ২৮ জন ভর্তি হলেও মাধ্যমিকে ছিল ১৮ জন এবং এবার ১২ জন পরীক্ষা দিচ্ছে। বাকিরা মাঝপথে পড়া ছেড়ে বিভিন্ন কাজে চলে গিয়েছে। শিক্ষকদের একাংশের অভিযোগ, অনেক পরীক্ষাকেন্দ্রে মাত্র একশো-দেড়শো পড়ুয়া পরীক্ষায় বসলেও পরীক্ষার জন্য স্কুলের অন্যান্য ক্লাসের পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে পঞ্চম থেকে দশম এবং একাদশ শ্রেণির ক্লাস হচ্ছে না। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বহুদিন ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও সামনেই আবার গ্রীষ্মের ছুটি, তারপরে সেপ্টেম্বরে আবার দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টার পরীক্ষার জন্য স্কুলের পাঠ বন্ধ থাকবে। এক বছরের মধ্যে প্রতি শ্রেণির তিন-চারটে পরীক্ষা নিতে হবে। তাহলে তাদের সিলেবাস কীভাবে শেষ হবে সেটাই চিন্তার। করিমপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোমদেব মজুমদার বলেন, পঞ্চম শ্রেণিতে ভর্তির সময় বয়সজনিত শর্তের কারনে প্রথম থেকেই এই ব্যাচে পড়ুয়া সংখ্যা কম ছিল। দুই বছর আগে এরা মাধ্যমিকেও কম সংখ্যক পরীক্ষার্থী ছিল। এখনও কম রয়েছে। 
এছাড়া আট কিমি দূরত্বের মধ্যেই প্রতিটি ছাত্র ছাত্রীর কোনও পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা সংসদের সেই নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার কারণে পরীক্ষাকেন্দ্রে ক্লাস নেওয়া সম্ভব নয়। তবে পঠনপাঠন বন্ধ থাকলে সিলেবাস শেষ করা নিয়ে যাতে সমস্যা না হয় সেই বিষয়টিও দেখা প্রয়োজন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ