Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে বাংলার বাড়ির তালিকায় নাম না থাকায় বিডিওকে ঘিরে বিক্ষোভ

করিমপুরে বাংলার বাড়ির তালিকায় নাম না থাকায় বিডিওকে ঘিরে বিক্ষোভ
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: বাংলার বাড়ি প্রকল্পের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বুধবার দুপুরে করিমপুর-২ বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন রহমতপুর পঞ্চায়েতের বারাকপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, গ্রামে যাঁদের কাঁচাবাড়ি রয়েছে তাঁদের অনেকেরই নাম নতুন তালিকা থেকে বাদ গিয়েছে। এদিন বাংলার বাড়ির প্রকল্প নিয়ে ফের সমীক্ষা করতে গেলে ব্লক অফিসের এক কর্মীকে ঘিরে এই বিষয়ে জানতে চান গ্রামবাসী। গ্রামের মতিরুল মণ্ডল, শাহরুল মণ্ডল বলেন, আমাদের গ্রামের অনেকেরই ঘরে পাওয়ার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ গিয়েছে। অনেক গরিব মানুষের তালিকাতে নাম নেই। নতুন করে আবেদন করার পরেও তাঁদের নাম আসেনি। গ্রামের বাসিন্দা মহম্মদ আফ্রিদি বলেন, পুটিমারি ৫ নম্বর সংসদের মোট ১২৮জনের নাম রয়েছে নতুন তালিকায়। কিন্তু তাঁদের মধ্যে প্রায় ৮০জনের পাকাবাড়ি রয়েছে। অথচ যাঁদের ঘর কাঁচা তাদের নাম বাদ গিয়েছে। এই নিয়ে গ্রামের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিলই। এদিন ব্লকের এক কর্মী সমীক্ষা করতে এলে তাঁকে সেই বিষয়ে জানতে চাওয়া হয়। ওই সরকারি কর্মীর সঙ্গে গ্রামবাসীরা বচসায় জড়িয়ে পড়েন। এরপরই পরিস্থিতি জটিল হতে থাকে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালে খবর পেয়ে সেখানে উপস্থিত হন করিমপুর-২ বিডিও। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে নতুন তালিকা খতিয়ে দেখে দেখার আশ্বাস দিলে গ্রামবাসী বিক্ষোভ তুলে নেয়। 
Advertisement
রহমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা মণ্ডল বলেন, বিক্ষোভের দেখানোর কথা শুনে বিডিও এসে দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।  করিমপুর-২ বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, ওই এলাকায় কিছু মানুষ ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন। আমি তাঁদের বিষয়টি বুঝিয়ে বলেছি। তাছাড়াও আমি ঘটনাস্থলে গিয়ে তাঁদের কাছ থেকে সরাসরি লিখিত আবেদন নিয়ে আজকেই ওই গ্রামে বেশকিছু বাড়ি তদন্ত করেছি। আপাতত আর কোনও বিতর্ক নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পর্কিত সংবাদ