সংবাদদাতা, তেহট্ট: রাত যত গভীর হয়, বাড়তে থাকে আতঙ্ক। সারা বছরের ঘরের খাবারের চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে রাতে নিজেদের জমির ফসল পাহারা দেন সীমান্তের বাসিন্দারা। বাংলাদেশের ফসল লুটেরাদের হামলার মুখে পড়ে অনেকেই কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে উদ্বেগ আরও বেড়েছে। এখন রাতের অন্ধকার নয়, দিনেরবেলায় জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশি লুটেরারা। বিএসএফ নজরদারি চৌকি অনেক দূরে থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। তবে, করিমপুরে বাংলাদেশ সীমান্তে এই সমস্যা সমাধান হতে চলেছে। কারণ, নতুন আউটপোস্ট তৈরির জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। বিএসএফের আউটপোস্ট হলে তাঁদের জীবন ও জীবিকা সুরক্ষিত হবে এই আশায় বুক বাঁধছেন সীমান্তের বাসিন্দারা।
Advertisement
ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, নদীয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হবে বিএসএফকে। সেখানে আউটপোস্ট তৈরি হবে বলে বিএসএফ সূত্রে খবর। এখন যেখানে বিএসএফের আউটপোস্ট আছে সেখান থেকে কাঁটাতারের ওপারে ভারতীয় কৃষকদের জমি অনেকটা দূরে। ফলে ভারতীয়দের জমির ফসল সহজেই লুট করে নিয়ে যেত বাংলাদেশি লুটেরারা। বিএসএফের কাছে খবর পৌঁছানোর আগেই জমির ফসল সাফ হয়ে যাচ্ছে। নতুন জমিতে আউটপোস্ট তৈরি হলে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দা রবিন মজুমদার বলেন, আমাদের জমি থেকে বাংলাদেশি লুটেরারা ফসল কেটে নিয়ে যায়। বিজিবি ওদের কিছু বলে না। আউটপোস্ট হলে সেই সমস্যার সমাধান হবে।
এলাকার বাসিন্দা রবিন মজুমদার বলেন, আমাদের জমি থেকে বাংলাদেশি লুটেরারা ফসল কেটে নিয়ে যায়। বিজিবি ওদের কিছু বলে না। আউটপোস্ট হলে সেই সমস্যার সমাধান হবে।



