সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগে রাহুল সিংয়ের ধ্বংসাত্মক বোলিংয়ের সুবাদে খেলায় সহজ জয় পেল ক্লাব ঐক্যতান। বৃহস্পতিবার এমএএমসি মাঠে তাঁরা ১০৫ রানে দুর্গাপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৯.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় ক্লাব ঐক্যতান। দলের হয়ে মৃত্যুঞ্জয়কুমার রাম সর্বোচ্চ ২৫ রান করেন। রান তাড়া করতে নেমে ৯.৫ ওভারে মাত্র ৩১ রানে অলআউট হয়ে যায় দুর্গাপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ক্লাব ঐক্যতানের রাহুল সিং একাই বিপক্ষের ইনিংসে ধস নামান। তিনি একাই ৮ উইকেট নেন।



