Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল কাউন্সিলারদের কোন্দল প্রকাশ্যে, বড়বাবুকে ঘিরে বিক্ষোভ

কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল কাউন্সিলারদের  কোন্দল প্রকাশ্যে, বড়বাবুকে ঘিরে বিক্ষোভ
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভার বাজেট অধিবেশনের রেজোলিউশনের খাতা ‘উধাও’! এই ঘটনাকে কেন্দ্র করে ফের শোরগোল পড়ল কৃষ্ণনগর পুরসভায়। শনিবার দুপুরে পুরসভার বড়বাবু (হেড ক্লার্ক) পার্থ বন্দোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান চেয়ারম্যান বিরোধী কাউন্সিলাররা। বিকেল পর্যন্ত সেই বিক্ষোভ চলে। পাশাপাশি চেয়ারম্যান বিরোধী কাউন্সিলাররা জেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ জমা করেন। এই ঘটনায় কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ অন্য মাত্রা নিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সেইসঙ্গে, পুরসভার বড়বাবু পার্থ বন্দোপাধ্যায় চিঠি করে জানিয়ে দেন, রেজোলিউশনের খাতা তিনি চেয়ারম্যানের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। যার জন্য চেয়ারম্যান বিরোধী কাউন্সিলারদের আশঙ্কা, রেজোলিউশন খাতায় অনিয়ম করা হতে পারে। এব্যাপারে মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ উল্লেখ্য, গত শুক্রবার কৃষ্ণনগর পুরসভার বাজেট অধিবেশন ছিল। সেখানে চেয়ারম্যান বিরোধী তৃণমূলের কাউন্সিলাররা তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বলে অভিযোগ। তারপর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।‌ বর্তমানে পুরসভার চেয়ারম্যান রীতা দাস কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। এর ফলে শুক্রবার বাজেট পাশ হয়নি। তার জন্য অন্যদিন নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাজেট অধিবেশনের বেশ কিছু রেজোলিউশন নেওয়া হয়েছিল। এরই‌ মধ্যে শনিবার সকালে বেশ কয়েকজন কাউন্সিলার পুরসভায় আসেন রেজোলিউশনের খাতা দেখতে। 

Advertisement

পুরসভার বড়বাবুর কাছে তা দেখতে চাইলে, তিনি দেখাতে পারেননি। জানিয়ে দেন, তিনি সেই খাতা চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন। তারপর বিভিন্ন ওয়ার্ডের চেয়ারম্যান বিরোধী কাউন্সিলাররা পুরসভায় জড়ো হন। বড়বাবুকে ঘিরে বিক্ষোভ দেখান।‌ বিকেল পর্যন্ত তা চলে। শেষপর্যন্ত বড়বাবু পুরসভার অফিসিয়াল কাগজে লিখে দেন, বাজেটের কার্যবিবরণী লেখার খাতায় কৃষ্ণনগর পুরসভার ১৬ জন কাউন্সিলারের স্বাক্ষর ছিল। সেই খাতা শনিবার চেয়ারম্যান ফোন করে তাঁর বাড়িতে পাঠাতে বলেন। সেইমতো তিনি দু’টি খাতা পাঠিয়ে দেন। পরবর্তী সেই খাতা ফেরত চাইলে, চেয়ারম্যান জানান, তিনি চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। তাই খাতা ফেরত দেওয়া যাবে না। এব্যাপারে চেয়ারম্যান বিরোধী কাউন্সিলার মিলন ঘোষ বলেন, ‘এই নিয়ে আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। আমাদের আশঙ্কা চেয়ারম্যান সেই রেজোলিউশন খাতা নিয়ে কাটাছেঁড়া করবেন। বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে নিতে পারেন। কারণ অতীতেও তিনি এমনটা করেছেন। রেজোলিউশন খাতা তিনি এইভাবে নিজের কাছে রাখতে পারেন না‌।’ এব্যাপারে চেয়ারম্যান পক্ষের কাউন্সিলার প্রগতি চৌধুরী বলেন, ‘ওঁরা যে অভিযোগ করছেন, সেটা ওঁরাই ভালো বলতে পারবেন। আমাদের কিছু জানা নেই।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ