সংবাদদাতা, কৃষ্ণনগর : কালীপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ১৮ নভেম্বর। হাতে গোনা আর কয়েকটি দিন বাকি। তার আগে রাত দিন এক করে চলছে জগদ্ধাত্রী প্রতিমা নির্মাণের প্রস্তুতি। হাতে সময় একদম না থাকায় জগদ্ধাত্রী পুজোর আগে নাওয়া খাওয়ার সময় নেই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের। জগদ্ধাত্রী মূর্তি গড়ার শেষ মুহূর্তের কাজে এখন চরম ব্যস্ততা। এখন মৃৎ শিল্পালয়গুলিতে গেলেই চোখে পড়ছে, কেউ প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছেন। কেউ মূর্তি শুকনোর জন্য কয়লা দিয়ে তাপ দিচ্ছেন আবার কেউ প্রতিমার মুখ মসৃণ করার কাজে ব্যস্ত। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় গড়ে উঠছে জগদ্ধাত্রী প্রতিমা।
জগদ্ধাত্রী পুজো ঘিরে ইতিমধ্যেই কৃষ্ণনগর শহর ও আশপাশের এলাকায় উৎসবের আবহ দেখা গিয়েছে। প্রতিমা শিল্পীদের পাশাপাশি আলোকসজ্জা ও মণ্ডপ শিল্পীরাও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কাজের চাপ।
বেশিরভাগ শিল্পী বলেন, প্রতি বছর নভেম্বর মাসে জগদ্ধাত্রী পুজোর সময়ে তাঁদের ব্যস্ততা বেড়ে যায়। কৃষ্ণনগরে প্রচুর পুজো হয়। ক্লাব বারোয়ারিগুলিতেই ভিড় হয় বেশি। এছাড়াও শিল্পালয়েও প্রচুর ঠাকুর গড়তে হয়। ছোটো ও বড়ো সব ধরনেরই জগদ্ধাত্রী প্রতিমার কদর রয়েছে। কৃষ্ণনগরের পার্শ্ববর্তী গ্রামগুলিতেও প্রচুর পুজো হয়, সেখান থেকেও আসে প্রচুর অর্ডার। এই সময় জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে প্রচুর কার্তিক ঠাকুরও গড়েন শিল্পীরা। মৃৎশিল্পী নিতাই পাল বলেন, জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের কাছে আবেগ। তাই এই সময় চাপ খুব বেশি থাকে। আমি এবছর প্রায় ৪টি বড়ো ঠাকুর গড়ছি। মৃৎশিল্পী সুবীর পাল বলেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজা তো প্রচুর হয়। এই সময় কোনো শিল্পীকেই বসে থাকতে হয় না।



