Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর ২৪ পরগনায় নাকা চেকিংয়ের ডিউটিতে থাকার সময় আত্মহত্যার চেষ্টা কৃষ্ণনগরের কনস্টেবলের

উত্তর ২৪ পরগনায় নাকা চেকিংয়ের ডিউটিতে থাকার সময় আত্মহত্যার চেষ্টা কৃষ্ণনগরের কনস্টেবলের
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তিন মাস আগে বিয়ে করেছেন। সদ্য জামাইষষ্ঠী পালন করে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। তারপরই চাঞ্চল্যকর ঘটনা। নাকা চেকিংয়ের সময় অফিসারের সার্ভিস রিভলবার ছিনিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিস কনস্টেবল বিভাস ঘোষ। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বিভাসবাবু বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার দেপাড়া বিষ্ণুপুর এলাকায়। প্রায় তিন বছর ধরে তিনি রাজ্য পুলিসে কর্মরত। সোমবার রাতে তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায় নাকা চেকিংয়ের ডিউটিতে ছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভাসবাবুর স্নায়ুরোগের সমস্যা ছিল। তিনি নিয়মিত ওষুধও খেতেন। অনুমান করা হচ্ছে, হঠাৎ ওই সমস্যা দেখা দিতেই এই ঘটনা ঘটিয়েছেন। পরিবার সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁর স্ত্রী মৌসুমি ঘোষ অন্তঃসত্ত্বা। শনিবার সকালে ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন বিভাসবাবু। এরপর জামাইষষ্ঠী করতে স্ত্রীকে নিয়ে রবিবার বেথুয়াডহরিতে শ্বশুরবাড়ি যান। রবিবার সেখানেই কাটিয়ে সোমবার সকালে নিজের বাড়ি ফেরেন। ওইদিন বিকেলেই ডিউটি জয়েন করতে বেরিয়ে যান। ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বলে জানান মৌসুমিদেবী। তিনি বলেন, আমাদের মধ্যে কোনও অশান্তি হয়নি। আমি ওর ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম। রাতে ফোনে কিছুক্ষণ কথাও হয়। তারপর গভীর রাতে ফোন আসে। আমাদের বলা হয়, ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে জানতে পারি, ওর গুলি লেগেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ