সংবাদদাতা, বর্ধমান: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে কাটারি নিয়ে চড়াও হওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম সঞ্জু মোদক। বর্ধমান থানার বড়নীলপুরের শক্তিপাড়ায় তার বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, শক্তিপাড়াতেই ওই মহিলার বাড়ি। সঞ্জু তাঁকে প্রায়শই কুপ্রস্তাব দিত। মহিলার সম্পর্কে কুমন্তব্য করত। মহিলা তার কুপ্রস্তাবে রাজি হননি। শনিবার সকাল ১০টা নাগাদ মহিলার উদ্দেশে সে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় কাটারি নিয়ে মহিলার বাড়িতে চড়াও হয়। মহিলার গায়ে হাত দেয়। তাকে বাঁচাতে এলে তাঁর ভাগ্নিকে কাটারি দিয়ে আঘাত করা হয়। মহিলা ও তাঁর ভাগ্নি জখম হন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা হয়। পরে মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।



