Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোপাই নদী সংলগ্ন জমি ফেরত চেয়ে ঘেরাও আদিবাসীদের

কোপাই নদী সংলগ্ন জমি ফেরত চেয়ে ঘেরাও আদিবাসীদের
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: কোপাই নদী সংলগ্ন সাত্তোর পঞ্চায়েতের কসবা গ্রামে সরকারি পাট্টার জমি দখল করে বেসরকারি আবাসন তৈরির অভিযোগ উঠেছিল। সেই জমি ফেরত চেয়ে ফের আন্দোলন শুরু করলেন এলাকার আদিবাসীরা। বুধবার আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটির ব্যানারে বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করা হয়। জমি ফেরত না দেওয়া হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বাসিন্দারা।
Advertisement
কোপাই নদী সংলগ্ন বেসরকারি আবাসনের বিরুদ্ধে কয়েক মাস ধরেই সরব স্থানীয় আদিবাসী কৃষকরা। ওই আবাসন সংস্থা প্রথম পর্যায়ে সেখানে ৫২ বিঘা জমিতে মোট ২০০টি বিলাসবহুল কটেজ তৈরি করে। এরপর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতেই ঝামেলা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাট্টা ও বর্গা জমি দখল করে কাজ করা হয়েছে। জমিহারাদের পক্ষে আদিবাসী নেতা শিবু সোরেন বলেন, সংশ্লিষ্ট এলাকায় প্রায় ৩৫বিঘা জমি আদিবাসীরা পাট্টা পেয়েছিলেন। কিন্তু সেই জমি ভয় দেখিয়ে হুমকি দিয়ে ছিনিয়ে নিয়ে আবাসন তৈরি করা হচ্ছে। 
বিষয়টি জেলাশাসককে জানানোর পরই তদন্ত শুরু করে প্রশাসন। এডিএম(ভূমি ও ভূমি সংস্কার) অসীম পালের নেতৃত্বে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিষয়টির তদন্ত শুরু করে রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্টের ভিত্তিতে ওই জমি ‘ভেস্ট ল্যান্ড’ ঘোষণা করে সরকারি খাতে রেকর্ড করার নির্দেশ দেন জেলাশাসক। এরপর আবাসন সংলগ্ন ১১.৪১ একর জমি সরকারি খাতে নথিভুক্ত করে জেলা প্রশাসন। সেই জমি রেকর্ডের পর পাট্টা দিয়ে প্রকৃত জমিহারাদের ফিরিয়ে দেওয়া হবে বলে প্রশাসন জানায়। কিন্তু বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেলেও কোনও সুরাহা হয়নি। ফলে চাষাবাদ বন্ধ। চাষিরা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। খাসজমি ঘোষণা হওয়ার পরও প্রশাসন যেভাবে চুপ রয়েছে তা আমাদের কাছে রহস্যের। ‌দাবি না মিটলে বৃহত্তর আন্দোলন করব। 
জেলাশাসক বিধান রায় বলেন, জমিহারাদের জমি বুঝিয়ে দিতে ভূমিদপ্তরকে আগেই বলা হয়েছিল। কেন হয়নি, তা খতিয়ে দেখছি। 
সম্পর্কিত সংবাদ