Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেওয়াসি আপডেটের নামে বধূর প্রায় দু’লক্ষ টাকা গায়েব

কেওয়াসি আপডেটের নামে বধূর প্রায় দু’লক্ষ টাকা গায়েব
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা। নিতুড়িয়া থানা এলাকার এক গৃহবধূ প্রতারণার শিকার হয়েছেন। তাঁর ১ লক্ষ ৮৯ হাজার ৭০০ টাকা সাইবার প্রতারকরা হাতিয়ে নিয়েছে। ওই বধূ মঙ্গলবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৮ অক্টোবর নিতুড়িয়া থানার বড়তোড়িয়া গ্রামের গৃহবধূ জলি মণ্ডলের কাছে একটি অজানা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন আসে। সে নিজেকে ব্যাঙ্কের কর্মচারী বলে পরিচয় দিয়ে গৃহবধূকে জানায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই। তাই দ্রুত কেওয়াইসি করতে হবে। না করলে পাসবই বন্ধ হয়ে যাবে। এমনকী, অ্যাকাউন্ট থেকে পরবর্তী সময়ে দু’হাজার টাকা জরিমানা নেওয়া হবে। গৃহবধূ প্রতারকের কথায় বিশ্বাসও করেন। কথা মতো প্যান কার্ড সহ ব্যাঙ্কের যাবতীয় তথ্য ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি তুলে পাঠিয়ে দেন। পরে তিনি দেখেন, তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে চারবারে মোট ১ লক্ষ ৮৯ হাজার ৭০০ টাকা কেটে নেওয়া হয়েছে।
গৃহবধূ বলেন, ফোনে ওই ব্যক্তি এমনভাবে কথা বলছিল তাতে সে সাইবার প্রতারক তা বোঝার কোনও উপায়ই ছিল না। সে একজন ব্যাঙ্কের কর্মচারী বলেই মনে হয়েছিল। তাই কথা মতো একটি কাগজে সমস্ত তথ্য লিখে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়, বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছি।
সাইবার থানার পুলিস জানিয়েছে, অচেনা, অজানা নম্বর থেকে ফোন এলে তথ্য না দেওয়ার জন্য পুলিস প্রশাসনের তরফে মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরেও অনেকেই তথ্য দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। কেওয়াইসি আপডেটের নামে প্রতারণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ