নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আতশবাজির দাপট বিষিয়ে দিয়েছিল কলকাতার বাতাস। তবে বুধবার শহরের বাতাসের দূষণের সূচক (একিউআই) নেমে এল ১০০-র নীচে, যা বিগত কয়েক দিনের তুলনায় বেশ স্বস্তিদায়ক। তবে কলকাতার অবস্থা তুলনামূলক ভালো হলেও হাওড়া সেই তিমিরেই। সেখানকার একিউআই ১৫০র কাছাকাছি রয়েছে। বুধবার বিকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, কলকাতার একিউআই ৮৮। হাওড়ার একিউআই ১৪৭। গত ৯ ও ১০ তারিখ পর্ষদের প্রকাশিত বুলেটিন অনুযায়ী কলকাতায় যা ছিল যথাক্রমে ১৫৩ ও ১২৯। পরিবেশকর্মীরা বলছেন, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা শহরের একাংশে আচমকা বৃষ্টিতে বাতাসে ভাসমান ধূলিকণা অনেকটাই ধুয়ে গিয়েছে। সেই কারণে এই স্বস্তি। কিন্তু স্বস্তি কি চিরস্থায়ী? পরিবেশকর্মীরা বলছেন, আতশবাজির দাপট কমলে অবশ্যই তা স্থায়ী হবে। কিন্তু একইভাবে তা যদি চলতে থাকে, অস্বস্তি আরও বাড়বে। এদিন সন্ধ্যার দিকেও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা থেকে শব্দবাজির আওয়াজ পাওয়া গিয়েছে।



