Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনে কষ্ট রাতে স্বস্তি! ভরা বসন্তে তপ্ত বঙ্গ

দিনে কষ্ট রাতে স্বস্তি! ভরা বসন্তে তপ্ত বঙ্গ
  • ১৭ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনে গরমের সঙ্গে কুস্তি, রাতে তাপমাত্রার সঙ্গে দোস্তি! চৈত্রের শুরুতে শহরবাসীর হাল এমনই। দিনভর গরমের দাপটে নাকাল হতে হচ্ছে কলকাতাবাসীকে। তবে বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি ও হাওয়ার জেরে বদলাচ্ছে পরিস্থিতি। কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়ার হালহকিকত এমনই।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ, সোমবারও শহরে বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি বেশি। অন্যদিকে, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০০.৪ মিমি।

উল্লেখ্য বিষয় হল, ক্যালেন্ডার বলছে মার্চ শেষ হতে এখনও প্রায় দুসপ্তাহ বাকি। কিন্তু গরম এখনই হার মানাচ্ছে মে মাসের পরিস্থিতিকেও। গতকাল, আপেক্ষিক আর্দ্রতা সহ পারিপার্শ্বিক একাধিক কারণে কলকাতায় যে গরম অনুভূত হয়েছে, তা ৪০ ডিগ্রি  তাপমাত্রার সমতুল্য। ফিলস লাইক ৪০। ফলে মাথায় হাত পড়েছে আমজনতার। চৈত্রেই শুরুতেই এই, বৈশাখে কী হবে? তবে, স্বস্তির বার্তাও রয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী দাপট দেখিয়ে গরমকে ঠান্ডা করতে পারে বলে মত দিচ্ছে হাওয়া অফিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ