নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে ভূমিপুত্রের সংখ্যা বাড়ছে। আগামী মরশুমে প্রথম দলে ৫ জন বঙ্গসন্তানকে খেলাতেই হবে। উল্লেখ্য, গত মরশুমে এই সংখ্যাটা ছিল ৪। ফেডারেশনের নির্দেশে ঘরোয়া টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানো বন্ধ। স্থানীয় ফুটবলার তুলে আনতেই এমন সিদ্ধান্ত। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাব প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন আইএফএ কর্তারা। ঠিক হয়েছে, প্রিমিয়ারে প্রতিটি ক্লাব ৪০ জন ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে। এদের মধ্যে বঙ্গসন্তানের সংখ্যা কমপক্ষে ১৫। নতুন প্রতিভা তুলে আনার বিষয়ে আশাবাদী আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁর মন্তব্য, ‘সন্তোষ ট্রফিতে ভারত সেরা হয়েছে বাংলা। প্রতিভার অভাব নেই। আমার বিশ্বাস, ঘরোয়া লিগের মঞ্চেই নিজেদের প্রমাণ করবে প্রতিভাবানরা।’



