গ্রেপ্তারির পর মহিলা চিকিৎসককে গালিগালাজ, সল্টলেকে ধৃত কলকাতা পুলিশের সার্জেন্ট
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে মত্ত অবস্থায় সল্টলেকের পুলিশ ক্যাম্পে চরম অভব্যতা। খোদ পুলিশ অফিসারের বিরুদ্ধেই অভিযোগ উঠল। ১০০ ডায়ালে সেই অভিযোগ পান বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় কলকাতা পুলিশের এক সার্জেন্টকে। গ্রেপ্তার করা হয় তাঁকে। হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হলে বিপত্তি ঘটালেন তিনি। বিধাননগর মহকুমার হাসপাতালের মহিলা চিকিৎসকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্ত। বাধা দিতে গেলে কর্তব্যরত পুলিশকর্মীকেও মারধর করেন। সরকারি কর্মীকে মারধর, শ্লীলতাহানি সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, ধৃতের নাম দিব্যেন্দু সিংহ। লালবাজারের হেড কোয়ার্টার ফোর্সে তিনি কর্মরত বলে জানা গিয়েছে। শুক্রবার রাত ২টো থেকে আড়াইটে নাগাদ বিধাননগর উত্তর থানায় ১০০ ডায়ালে অভিযোগ জমা পড়ে। সিএপি ক্যাম্পের কাছে কলকাতা পুলিশের আবাসন রয়েছে। যা বিধাননগর উত্তর থানার অন্তর্গত। সেখানেই ওই সার্জেন্ট মত্ত অবস্থায় বাকি পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে গালিগালাজ করছে। বিধাননগর উত্তর থানার পুলিশ সেখানে যায় এবং অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ, মত্ত অবস্থায় অভিযুক্ত পুলিশকর্মীকে থানায় নিয়ে আসার পরে, সেখানেও তিনি ডিউটি অফিসারকে গালিগালাজ করেন। অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকেন। এরপর ওই অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারির পর মেডিকেল পরীক্ষা করানো হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত পুলিশকর্মীকে। অভিযোগ, সেখানে এক মহিলা চিকিৎসক যখন অভিযুক্ত পুলিশকর্মীর চিকিৎসা করার চেষ্টা করছিলেন, তখনই মারমুখী হয়ে ওঠেন ওই ট্র্যাফিক সার্জেন্ট। মহিলা চিকিৎসককেও তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপর কোনওমতে তাঁর শারীরিক পরীক্ষার পর, তাঁকে বিধাননগর উত্তর থানায় ফিরিয়ে আনা হয়। 

Advertisement

এদিন অভিযুক্ত সার্জেন্টকে বিধাননগর আদালতে পেশ করা হয়। তখন তাঁর মামলার সঙ্গে যুক্তও নয়, এমন একজন আইনজীবীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে কীর্তিমান এই পুলিশকর্মীর বিরুদ্ধে। সার্জেন্টের এইসব কীর্তিকলাপ শোনার পর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জামিনের আবেদন করা হলেও, তা খারিজ হয়েছে আদালতে। আগেও এই সার্জেন্টের বিরুদ্ধে মত্ত অবস্থায় নিজের আবাসনে মারমুখী হওয়া এবং গালিগালাজ করার অভিযোগ রয়েছে।