Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ যুবককে মারধরের অভিযোগ কলকাতা পুলিসের বিরুদ্ধে

এই অভিযোগে তিন যুবককে মারধর করার অভিযোগ উঠল কলকাতা পুলিসের বেশ কয়েকজন অফিসারের বিরুদ্ধে।

৩ যুবককে মারধরের অভিযোগ কলকাতা পুলিসের বিরুদ্ধে
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার ধারে বাইক সরাতে দেরি হল কেন! এই অভিযোগে তিন যুবককে মারধর করার অভিযোগ উঠল কলকাতা পুলিসের বেশ কয়েকজন অফিসারের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদহ এক নম্বর পঞ্চায়েতের নয়াবাদ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুলিস অফিসাররা দক্ষিণ তিহুরিয়া এলাকায় পিকনিক সেরে ফিরছিলেন। তখন রাস্তার ধারে বাইকটি পার্ক করা ছিল। তাঁরা সেটি দ্রুত সরানোর নির্দেশ দেন। কিন্তু বাইকমালিক দেরি করে সেই কাজ করাতেই প্রথমে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদ করলে ওই যুবককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ, সেটা দেখে আরেক যুবক বাধা দিলে দু’জনকেই মারধর করা হয়। গোটা ঘটনা এলাকার আরেক যুবক ভিডিও রেকর্ডিং করেন। সেটা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিস অফিসাররা। তাঁর কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে ওই যুবককে ধরে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। তিনি ভয়ে পালিয়ে একটি বাড়িতে লুকিয়ে পড়েন। এরপর পুলিস একজনের বাড়িতে ঢুকে ওই যুবককে খোঁজার নাম করে ভাঙচুরও করে বলে অভিযোগ।

Advertisement

এই ঘটনা চাউর হতেই এলাকার মানুষজন জড়ো হয়ে কলকাতা পুলিসের অফিসারদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করেন। কেন তিন যুবককে বিনা কারণে মারধর করা হল, সেই প্রশ্ন তোলা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে আন্দোলন। কলকাতা পুলিসের দু’জন অফিসার গ্রামবাসীদের বোঝানো চেষ্টা করেন। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। পরে নরেন্দ্রপুর থানার পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে থানায় অভিযোগ করেন আক্রান্তরা। তাঁরা বলেন, বিনা প্ররোচনায় কলকাতা পুলিসের লোকজন এদিন মারধর করল আমাদের। দিলীপ মাইতি নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ভাঙচুরও করেছে।
খেয়াদহ ১ পঞ্চায়েতের উপপ্রধান গোরাচাঁদ নস্কর বলেন, কলকাতা পুলিসের এমন আচরণ মানা যায় না। এদিন যে ঘটনা ঘটেছে, সেটা অনভিপ্রেত। আশা রাখব, ভবিষ্যতে তারা আরও সংযত হবে। এদিকে, লালাবাজরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কী ঘটনা ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ