Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইপাসের ন’টি জায়গায় উন্নত মানের সুলভ শৌচালয় গড়বে কলকাতা পুরসভা

বাইপাসের ন’টি জায়গায় উন্নত মানের সুলভ শৌচালয় গড়বে কলকাতা পুরসভা
  • ২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলকাতা পুরসভার হাতে এসেছে কয়েক বছর আগে। বাইপাসে দুর্ঘটনা কমাতে লালবাজারের পরামর্শে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে পুর কর্তৃপক্ষ। বাইপাসকে আরও গতিশীল করতে এবং দুর্ঘটনা কমাতে খড়্গপুর আইআইটি-কে দিয়ে করানো হয়েছে সার্ভে। এবার বাইপাসের ন’টি জায়গায় উন্নত মানের শৌচালয় (পে অ্যান্ড ইউজ টয়লেট) বানাতে চলেছে পুরসভা। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

Advertisement

উল্টোডাঙা হাডকো মোড় থেকে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত বিস্তৃত ই এম বাইপাস। দীর্ঘ এই সড়কপথে সুভাষ সরোবর লাগোয়া রাস্তা, রুবি মোড় ও পাটুলি মোড় বাদ দিলে আর কোথাও পুরসভার কোনও শৌচালয় নেই। আগামী দিনে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর পুরোপুরি চালু হয়ে গেলে বাড়তি যাত্রীর চাপ এসে পড়বে বাইপাসে। সেই সঙ্গে এয়ারপোর্ট-গড়িয়া রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে বাইপাসে আরও বাড়বে ভিড়। তাই নাগরিক স্বাচ্ছন্দ্যের স্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক শৌচালায় প্রয়োজন। জরুরি প্রয়োজনে বাইপাস দিয়ে যাতায়াত করা যে কেউ এর সুবিধা নিতে পারবেন। তাই ঠিক হয়েছে, সল্টলেক মেট্রো স্টেশন, ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের তিন নম্বর গেট, ভিআইপি বাজার মেট্রো স্টেশন গেট, হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, রুবির মোড়ের দক্ষিণ-পূর্ব কোণ, জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের ২ নম্বর গেট, অজয়নগর ক্রসিং (সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের  কাছে), শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন (ঢালাই ব্রিজের কাছে) এবং সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে ‘পে অ্যান্ড ইউজ টয়লেট’ গড়ে তোলা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩ কোটি ২৪ লক্ষ টাকার বেশি। উত্তরণ (বস্তি) বিভাগের এক কর্তা বলেন, ‘সড়ক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে সার্ভে করে এই জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে। এত বছর কেএমডিএর হাতে ছিল বাইপাস। পুরসভার হাতে আসার পর নানা ধরনের উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ