কলকাতা পুরসভায় নির্বাচন: স্থগিতাদেশকে  চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য সরকার
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় শুনানি শেষে ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। এবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। আগামী সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর এর মাঝেই হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস নিয়েও মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।

Advertisement

গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব মামলাটি দায়ের করেছেন। 
কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি যাতে রাজনৈতিক সুবিধা পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। এমনকি, পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াটি আইন মেনে করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। আবেদনে তিনি জানান, পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই পুর কমিশনারের। এমতাবস্থায় ভোট ঘোষণার আগে রাজ্যের জারি করা ওয়ার্ড বিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চায় সিপিএম। প্রথমে সিঙ্গল বেঞ্চ ভোট ঘোষণা স্থগিত করতে চায়নি। এরপর গত ৪ নভেম্বর সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী দিপু। সেই মামলাতেই ভোট ঘোষণায় স্থগিতাদেশ জারি করে বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য।
এদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। সম্প্রতি হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়। নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তুলেছেন ইমতিয়াজ।  আগামী মঙ্গলবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হতে পারে।