Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্রেন টিউমারে আধুনিক পদ্ধতির রেডিয়েশন প্রয়োগ করে দৃষ্টান্ত কলকাতা মেডিকেলের

লক্ষ্য একটাই—টিউমার নিশ্চিহ্ন করা। নিদেনপক্ষে এটি নিশ্চিত করা যে, সেটি যেন আর না বৃদ্ধি পায়।

ব্রেন টিউমারে আধুনিক পদ্ধতির রেডিয়েশন  প্রয়োগ করে দৃষ্টান্ত কলকাতা মেডিকেলের
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রেন টিউমারে বিশেষ পদ্ধতিতে রেডিয়েশন প্রয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগ। এই পদ্ধতিতে বেশি ডোজের রেডিয়েশন অত্যন্ত সতর্কতার সঙ্গে ছোট টিউমারে প্রয়োগ করা হয়। সাধারণভাবে যেখানে এক-একবার ২ গ্রে ডোজের রে দেওয়া হয়। এ ক্ষেত্রে সেখানে এর ৭ গুণ বেশি ১৪ গ্রে ডোজের রে একবারে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—টিউমার নিশ্চিহ্ন করা। নিদেনপক্ষে এটি নিশ্চিত করা যে, সেটি যেন আর না বৃদ্ধি পায়। এই আধুনিক চিকিৎসা পদ্ধতির নাম ‘স্টিরিওট্যাকটিক রেডিওসার্জারি’।  দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা কমলা দেবনাথ নামে ৪২ বছরের এক মহিলার চিকিৎসায় প্রয়োগ করা হয়েছে এই পদ্ধতি। অ্যাকোয়াস্টিক নিউরোমা নামের এক ধরনের ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। তিন নভেম্বর তাঁকে মেডিকেলে ভর্তি করা হয়। পরেরদিন প্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, এই পদ্ধতির নামে সার্জারি থাকলেও আদতে এটি অপারেশন নয়—প্রসিডিওর। উল্লেখযোগ্য বিষয় হল, মস্তিষ্কের মূল নিয়ন্ত্রণকারী অংশ ব্রেন স্টেম সহ অত্যন্ত স্পর্শকাতর অংশগুলি বাঁচিয়ে হাই ডোজ রেডিয়েশন দেওয়া হয় এখানে। তাই প্রশিক্ষণ ও দক্ষতা থাকা অপরিহার্য। 

Advertisement

প্রসঙ্গত ব্রেনের বিনাইন টিউমারে আক্রান্ত ওই রোগিণীর টিউমারটি নিউরোসার্জারি করে সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব হয়নি। পড়ে থাকা টিউমারটি স্টিরিওট্যাকটিক রেডিওসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়েছে।  বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সুব্রত চট্টোপাধ্যায়ের অধীনে এই প্রসিডিওর সম্পন্ন করেন সহকারী অধ্যাপক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁকে সাহায্য করেন রেডিওফিজিসিস্ট জয়ব্রত বিশ্বাস প্রমুখ। সপ্তর্ষিবাবু বলেন, ‘কর্পোরেট হাসপাতালে এই চিকিৎসার খরচ তিন লাখ টাকার কাছাকাছি। মেডিকেলে হল সম্পূর্ণ নিখরচার। রোগী এখন সুস্থ আছেন। ১৩ নভেম্বর কমলাদেবীর ফলো 
আপও হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ