দেশের সেরা একশোর তালিকায় কলকাতার গণিতের অধ্যাপিকা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) গণিতের অধ্যাপিকা নীনা গুপ্তা ‘টাইম হানড্রেড নেক্সট ‌ই঩ন্ডিয়া ২০২৬’ তালিকাভুক্ত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা প্রদর্শন করার জন্য ভারতের সেরা ১০০ জন ব্যক্তির এই তালিকাটি প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি পত্রিকা। ওই তালিকায় কলকাতার বাসিন্দা একমাত্র তিনি।  গণিতে গবেষণামূলক কাজের জন্য দেশ ও বিদেশের একাধিক পুরস্কার পেয়েছেন নীনা গুপ্তা। তবে দেশ সেরার তালিকায় স্থান পাওয়া এই প্রথম।

Advertisement

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এতদিন গবেষণা করে গিয়েছি, এভাবে ‘লাইমলাইটে’ কখনো আসিনি। নভেম্বরের প্রথমে খবরটা পাওয়ার পর তাই ভালোই লেগেছে। অঙ্ক নিয়ে বহু শিক্ষার্থীর মধ্যে একটা ‘ভীতি’ থাকে। অঙ্ক ভীতি কাটাতে তাঁর পরামর্শ নিজে অভ্যাসের মাধ্যমে এই ভীতি কাটানো সম্ভব। পরিবার থেকে উৎসাহ পেয়েই তিনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেন। 
প্রায় ১২ বছর আগে ২০১৪ সালে জটিল গাণিতিক সমস‌্যার সমাধান করে আন্তর্জাতিক স্বীকৃতি পান নীনা গুপ্তা। ১৯৪৯ সালে বিশিষ্ট গণিতজ্ঞ অস্কার জারিস্কির এই সমস্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। যার নাম দেওয়া হয়েছিল ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’। এই সমস্যার সমাধান করার জন্য গতবছর আমেরিকান ম্যাথেমেটিক্যাল সোসাইটি তাঁকে ‘অ্যামি নোয়েথার লেকচার’ প্রদানের আমন্ত্রণ জানায়। ২০১৯ সালে তিনি  শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান। ২০২১ সালে পান রামানুজন পুরস্কার। ২০২৪ সালে গণিতের উপর গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য ইনফোসিস পুরস্কারও পেয়েছেন।  ২০২২ সালে তাঁকে নারীশক্তি পুরস্কার দেওয়া হয়। 
অধ্যাপিকা নীনা গুপ্তা পিএইচ ডি করেছেন আইএসআই থেকে। পিএইচ ডি করার সময় তাঁর গাইড ছিলেন আইএসআইয়ের বর্তমান ডিরেক্টর অমর্ত্যকুমার দত্ত। বরানগরের বাসিন্দা নীনা গুপ্তার স্কুলশিক্ষা ডানলপ এলাকার একটি স্কুলে। তারপর বেথুন কলেজ থেকে গণিতে অনার্সসহ বি এসসি। তারপর স্নাতকোত্তরও করেন আইএসআই থেকে।