নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার বিধানসভায় পেশ হবে কলকাতা ও হাওড়ার পুরসভার ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত দুটি বিল। এই বিল দুটি পেশ করবে পুর ও নগরোন্নয়ন দপ্তর। বিধায়ক সংখ্যার নিরিখে বিল সহজেই পাস করিয়ে নিতে পারবে বিজেপি সরকার। তবে চর্চায় সর্বাধিক গুরুত্বপূর্ণ, আজ বিল পেশ ও পাস হওয়ার পর রাজ্যে পুরভোটের দামামা কার্যত বেজে যাবে। এবছরের শেষেই কলকাতা ও হাওড়ায় পুরভোটগ্রহণের সম্ভাবনা প্রবল।
একদিনের বিশেষ অধিবেশনে রাজ্য সরকার পেশ করবে ‘দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬।’ এই বিলের মূল বিষয়বস্তু কলকাতার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি। ওয়ার্ড ১৪৪টি থেকে বেড়ে হবে ২০৯টি। পাশাপাশি রাজ্যের তরফে আজ, বুধবার বিধানসভায় ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ নামেও একটি বিল পেশ করতে চলেছে সরকার। এর মাধ্যমে হওড়া পুরসভা এলাকায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬৮। হাওড়ার বিল পেশ করার আগে, পূর্বের একটি বিল তুলে নেওয়া হবে। গত ৭ ফেব্রুয়ারি বিধানসভায় পাস হয়েছিল ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬।’ এই বিলটি বিধানসভায় পাস করিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির ফলে কাউন্সিলারদের জন পরিষেবা পৌঁছে দিতে অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
বিজেপি সরকার গঠনের তিনমাস অতিক্রান্ত। ঠিক এই প্রেক্ষাপটে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিল এনে সরকার পুরভোটের বার্তা দিতে চাইছে। বিশেষত কলকাতাসহ রাজ্যের একাধিক পুরসভায় কাউন্সিলাররা ইস্তফা দিয়েছেন। বসানো হয়েছে প্রশাসক। যেহেতু রাজ্যের ক্ষমতায় বিজেপি, তাই পুর নাগরিকদের নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্বও তাদের। রাজনৈতিক মহলের অনুমান, তাই এবছরের শেষদিকেই পুরভোট করার চেষ্টা করবে সরকার। সেই সূত্রেই ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির বিল আনছে রাজ্য।