নিজস্ব প্রতিনিধি, তমলুক: পালাবদলের পর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে রাতারাতি গেরুয়া শিবিরের তিনটি শ্রমিক সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে। দেড় দশক এই প্রতিষ্ঠানের ভিতর তৃণমূলের ন্যাশনালিস্ট ঠিকা শ্রমিক ইউনিয়ন শেষ কথা ছিল। একটি সংগঠনের একচেটিয়া ক্ষমতা ছিল। ঠিকাশ্রমিকরা চাপের মুখে কিংবা মন থেকে সেই সংগঠনের সদস্যপদ গ্রহণ করে তার ছত্রছায়ায় ছিলেন। কিন্তু, গত এক দেড় মাসে এখানে ছবিটা পুরো বদলে গিয়েছে। বিএমএসের দু’টি এবং বিজেপি সমর্থিত বিজেএমটিইউসি নামে আরও একটি শ্রমিক সংগঠন ইউনিট খুলেছে। প্রত্যেকেই নিজেদের আসল পরিচয় দিয়ে অন্য দুই সংগঠন থেকে দূরে থাকার কথা বলছে। এনিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। আর এনিয়ে অথৈ জলে পড়েছেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাশ্রমিকরা।
ভারতীয় মজদুর সংঘ সংক্ষেপে বিএমএস হল আরএসএস অনুমোদিত শ্রমিক সংগঠন। এই সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক হলেন শুভম বেরা। তিনি ১ সেপ্টেম্বর ‘কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন ঠিকা মজদুর সংঘ’ নামে একটি ইউনিয়ন গড়েছেন। নিজে সেই ইউনিয়নের সভাপতি হয়েছেন। সম্প্রতি তোলাবাজিতে অভিযুক্ত ও থানায় এফআইআর হওয়া কৌশিক ভুঁইয়া কার্যকরী সভাপতি। সম্প্রতি ওই সংগঠনের সম্পাদক আশিস বিশ্বাস ও কার্যকরী সভাপতি কৌশিকের স্বাক্ষরিত পোস্টার তাপবিদ্যুৎ কেন্দ্রের দেওয়ালে সাঁটানো হয়েছে। তাতে বলা হয়েছে-‘এখানে বিএমএসের আমাদের ইউনিট ছাড়া অন্য কোনো ইউনিট থাকবে না। তাই কমিটির সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন।’
আবার, বিএমএসের পূর্ব মেদিনীপুর জেলার সহ সভাপতি অনিল মাইতি ২০২১সাল থেকে কোলাঘাটে ঠিকা শ্রমিদের নিয়ে বিএমএস সংগঠন করতেন। তাপবিদ্যুৎ কেন্দ্রে বিএমএসের হাতেখড়ে অনিলবাবুর হাত ধরেই। তাঁর নেতৃত্বে ‘কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিকা শ্রমিক সংঘ’ নামে আরও একটি ইউনিট চালু রয়েছে। কমিটিতে মোট সাতজন পদাধিকারী আছেন। অনিলবাবু সভাপতি এবং শুকদেব মাইতি সম্পাদক আছেন। অনিলবাবুও নিজের ইউনিটকে সংঘ অনুমোদিত বলে দাবি করছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সময়েও সাহস নিয়ে আমি এখানে সংগঠন করেছি। এখন আমার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্যরা ইউনিট খুলে নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে।
আবার, পূর্ব মেদিনীপুরে বিএমএসে দলাদলির জেরে সংঘের শ্রমিক সংগঠন ভেঙে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল(বিজেএমটিইউসি) নামে নতুন শ্রমিক সংগঠনের পথচলা শুরু হয়েছে। তারা বিজেপি অনুমোদিত বলে দাবি সংগঠনের জেলা সভাপতি মাখনলাল মাজির। ওই সংগঠনও ‘কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিকা শ্রমিক সংঘ’ নামে ইউনিট খুলেছে। তার সভানেত্রী হয়েছেন শুক্লা মান্না এবং সম্পাদক হয়েছেন সুকুমার পাত্র। মাখনলালবাবু বলেন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিএমএসের দুই গোষ্ঠীর মধ্য ঝামেলা চলছে। যেকারণে শ্রমিকদের অনেকেই আমাদের সংগঠনে ঝুঁকেছেন।
বিএমএসের জেলা সম্পাদক শুভম বেরা বলেন, জেলা পদাধিকারী হিসাবে আমি যে ইউনিটকে স্বীকৃতি দিয়েছি সেটাই সংঘ পরিচালিত হিসাবে গণ্য হবে। অন্য কারা কী করেছে, তা আমার জানা নেই।



