সংবাদদাতা, হলদিয়া: ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করার নাম করে মহিষাদলের এক ব্যক্তির ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। একটি বেসরকারি ব্যাঙ্কে কেওয়াইসি আপডেটের সময় প্যান কার্ড ডিটেলস দিতে গিয়ে তিনি সাইবার প্রতারকদের ফাঁদে পড়েন। এই প্রতারণায় ওই বেসরকারি ব্যাঙ্কের হলদিয়ার দুর্গাচক শাখার একটি চক্র যুক্ত বলে তিনি পুলিসে অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিষাদলের ভাঙাগড়া এলাকার বাসিন্দা স্বপনকুমার মণ্ডল একটি কৃষি সমবায়ের সম্পাদক পদে রয়েছেন। একটি বেসরকারি ব্যাঙ্কের হলদিয়ার দুর্গাচক শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। কেওয়াইসি আপডেট করতে গিয়েছিলেন। ওই ব্যাঙ্কের এক কর্মীকে তিনি কিছুদিন আগেই কেওয়াইসি আপডেট করার জন্য প্যান কার্ড ও আধার কার্ডের জেরক্স জমা দিয়ে এসেছিলেন। এরপর আচমকা এক ব্যক্তি ব্যাঙ্কের ওই নির্দিষ্ট কর্মীর নাম করে অ্যাকাউন্ট আপডেট হয়নি বলে স্বপনবাবুকে ফোন করে। এরপর ওই ব্যক্তি আপডেট করার জন্য স্বপনবাবুকে প্যান কার্ড নম্বর জানতে চায়। স্বপনবাবু এনিয়ে সন্দেহ প্রকাশ করায় ওই ব্যক্তি ব্যাঙ্কের সুনামের প্রসঙ্গ তুলে তাঁকে আশ্বস্ত করে। স্বপনবাবুর অভিযোগ, ওই ব্যক্তিকে বিশ্বাস করেই ভুল হয়েছে। প্যান কার্ড নম্বর জেনে ওই ব্যাঙ্কের একটি অ্যাপ পাঠিয়ে সেখানে পর পর ক্লিক করতে পরামর্শ দেয়। তারপরই মোবাইলে অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাওয়ার মেসেজ আসতে থাকে। চার দফায় ৭৩ হাজার টাকা মুহূর্তে সাফ হয়ে যায়। মহিষাদল থেকে বাইকে করে ঘণ্টাখানেকের মধ্যে ব্যাঙ্কে এসে অ্যাকাউন্ট বন্ধ করে দিই। তিনি প্রশ্ন তুলেছেন, ওই ব্যক্তি কীভাবে জানল যে ব্যাঙ্কের নির্দিষ্ট ব্যক্তির কাছে কেওয়াইসির কাগজ জমা করেছি। তাঁর নাম উল্লেখ করায় স্বপনবাবুর সন্দেহ, ওই সাইবার প্রতারণার ঘটনায় ব্যাঙ্কে কোনও চক্র কাজ করছে। এনিয়ে তিনি পুলিসে অভিযোগ করেছেন।



