Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পূজারাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট কোহলির

ফেয়ারওয়েল ম্যাচ ছাড়াই অবসর নিয়েছেন পূজারা। অনেকেই মনে করছেন, তাঁর বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল

পূজারাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট কোহলির
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চেতেশ্বর পূজারার প্রতি কৃতজ্ঞতা জানালেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার তিনি  পোস্ট করেন, ‘চার নম্বরে কাজটা সহজ করে তোলার জন্য তোমায় ধন্যবাদ। অভিনন্দন এবং আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা। গড ব্লেস।’

Advertisement

ফেয়ারওয়েল ম্যাচ ছাড়াই অবসর নিয়েছেন পূজারা। অনেকেই মনে করছেন, তাঁর বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল। কংগ্রেসের সাংসদ শশী থারুর তো সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে একহাত নিয়েছেন বিসিসিআই’কে। তবে খোদ পূজারার কোনও আক্ষেপ নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা নিয়ে বেশি ভাবতে চাই না। এই মুহূর্তে আমি বরং দীর্ঘ সময় ধরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। এমন ক্রিকেটপাগল দেশের হয়ে মাঠে নামতে পারায় গর্বিতও। আমার কাছে সেই আনন্দটাই সব। কী পাইনি তা ভাবতে চাই না। এই ক্রিকেট সফরে আমি তৃপ্ত।’ অবসরের সিদ্ধান্তে যেভাবে প্রাক্তন সতীর্থ ও কোচেরা প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, তাতেও আপ্লুত তিনি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব, জানিয়েছেন ১০৩ টেস্টে ৭১৯৫ রানের মালিক। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন পূজারা। এখন তাই ব্যাট-বলের জগতের সঙ্গে ব্রডকাস্টার হিসেবে যুক্ত থাকতে চান। তাঁর কথায়, ‘প্রথম শ্রেণির ক্রিকেট বা কাউন্টিতেও আর নামব না। ধারাভাষ্যেই মন দেব। সেটা শুরুও করেছি। কোচিংয়ের সুযোগ পেলেও আগ্রহ দেখাব।’
ইংল্যান্ড সফরে শুভমান গিলের ব্যাটিং মনে ধরেছে তাঁর। পূজারার মতে, ‘অসাধারণ খেলেছে। ইংল্যান্ডে অত রান খুব বেশি ব্যাটসম্যান করতে পারেনি। ও ইংল্যান্ডে ক্যাপ্টেন হিসেবে প্রথমবার নেমেই সাতশোর বেশি রান পেয়েছে। এটা অবিশ্বাস্য কৃতিত্ব।’ এই দলের কাউকে অবশ্য ‘শ্রীযুক্ত নির্ভরযোগ্য’ হিসেবে চিহ্নিত করতে চান না। রাহুল দ্রাবিড়ের পর এই তকমা সেঁটে গিয়েছিল তাঁর জার্সিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ