Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এপ্রিলেই কোহলি অবসরের সিদ্ধান্ত জানায়: আগরকর

এপ্রিলেই কোহলি অবসরের সিদ্ধান্ত জানায়: আগরকর
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মুম্বই: একদিকে বিশাল শূন্যতা। অন্যদিকে মস্ত বড় সুযোগ। বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরকে এভাবেই চিহ্নিত করলেন অজিত আগরকর। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান শনিবার আরব সাগরের পাড়ে দল ঘোষণার পর টেস্ট ক্রিকেটকে বিরাটের বিদায় জানানোর প্রসঙ্গে বলেন, ‘এপ্রিলেৱ গোড়ায় বিরাট জানিয়েছিল যে ও আর টেস্ট খেলতে চাইছে না। ও সবসময় ২০০ শতাংশ দেয়। কিন্তু নিশ্চয়ই অনুভব করেছিল যে, নিজের সেরাটা দিতে পারছে না। বছরের পর বছর ধরে যে মান ও ঠিক করেছে, সেখান থেকে বিচ্যুতি মানা কঠিন। সম্ভবত সেজন্যই অবসরের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিরাট ও রোহিতের সিদ্ধান্তকে সম্মান জানানো দরকার। ওরা তা অর্জন করেছে। দু’জনেই গ্রেট। বিবেকের কাছে ওরা সৎ থেকেছে। আমরা অবশ্যই মিস করব কোহলিকে। ১২৩ টেস্ট ম্যাচ, ৩০টা সেঞ্চুরি যার, তার অভাব তো অনুভূত হবেই। সেটাকে ভরাট করা কঠিন।’

Advertisement

রোহিতের প্রসঙ্গে আগরকরের মন্তব্য, ‘গত কয়েক বছর ধরে টেস্টে প্রকৃত নেতা হয়ে উঠেছিল রোহিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাধ্যমে। তাই সামনে তাকানোর সময়ও এটা। আর অবসর একেবারেই খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওরা এতদিন ধরে ভারতকে অনেক সম্মান এনে দিয়েছে, জিতিয়েছে ম্যাচ। এবার অন্য কারও সামনে সেই সুযোগ।’ শুধু বিরাট-রোহিত নন, অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের কথাও মনে করিয়েছেন আগরকর। মহম্মদ সামির প্রসঙ্গও টেনেছেন তিনি। আগরকরের কথায়, ‘এমন মহারথীরা অবসর নিলে বিশাল শূন্যতা তৈরি হয়। অশ্বিন যেমন কয়েক মাস আগে সরে গিয়েছিল। বিরাট-রোহিত-অশ্বিন হল ভারতীয় ক্রিকেটের মহাতারকা। এরা ছাড়াও সামিকে পাওয়া যাচ্ছে না। পাঁচ টেস্টের সিরিজে খেলার অবস্থায় ও নেই। মেডিক্যাল টিম তেমনই জানিয়েছে। আশা ছিল, এই সিরিজে কখনও না কখনও সামি খেলতে পারবে। কিন্তু এই মুহূর্তে ও ফিট নয়। আর অপেক্ষা করাও অসম্ভব।’
হেভিওয়েটদের অনুপস্থিতি অন্যদের কাছে নিজেকে চেনানোর মঞ্চ হয়ে উঠছে বলে জানিয়েছেন আগরকর। তাঁর মতে, ‘আগামী দু’বছর ডব্লুটিসি’র আসরে সব রকমক পরিস্থিতিতে নিজেদের উজাড় করে দিতে হবে ক্রিকেটারদের। এটা অনেকের কাছেই বড় সুযোগ। কেউ না পারলে আমরা তখন পরবর্তী জনের কথা ভাবব। তবে এটাই বাস্তব যে বিরাট-রোহিতের অভাব মেটানো সহজ নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ