Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পরিবারের গুরুত্ব বুঝিয়ে বোর্ডকে তোপ কোহলির

পরিবারের গুরুত্ব বুঝিয়ে বোর্ডকে তোপ কোহলির
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: সফর চলাকালীন পরিবারের উপস্থিতি জরুরি। কেউই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হোটেলের ঘরে মন খারাপ করে বসে থাকতে চায় না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন বিরাট কোহলি। তাঁর বিস্ফোরক মন্তব্যে সাড়া পড়ে গিয়েছে ক্রিকেট মহলে।

Advertisement

ডনের দেশে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে পরাজয়ের পর কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে ফতোয়া। ৪৫ দিনের বেশি সফরে সর্বাধিক ১৪ দিন পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা। দেড় মাসের চেয়ে কম দিনের সফরের ক্ষেত্রে তা সর্বাধিক এক সপ্তাহ। বোর্ডের এই নির্দেশে বেজায় অসন্তুষ্ট ক্রিকেটাররা। এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘পরিবারের ভূমিকা কত গুরুত্বপূর্ণ তা লোকজনকে বোঝানো খুব কঠিন। খেলার মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাড়ির লোকদের কাছে পাওয়া কতটা দরকারি, সেটা আমরাই বুঝি। অন্যরা তা উপলব্ধি করেন বলে মনে হয় না। আমি নিজে যেমন দিনের শেষে ঘরে একা একা গুমরে মরতে চাই না। বিমর্ষভাবে নয়, স্বাভাবিক থাকতে চাই আমি। তবেই মাঠে নিজের সেরাটা দেওয়া যায়।’ উল্লেখ্য, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর স্ত্রী অনুষ্কা শর্মাকে মাঠে ডেকে নেন বিরাট। একই সঙ্গে মেতে ওঠেন ট্রফি জয়ের উৎসবে। সেই প্রসঙ্গে বিরাটের মন্তব্য, ‘খেলার শেষে পারিবারিক জীবনেই সবচেয়ে সুখ পাই আমি। পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার সামান্যতম সুযোগও হারাতে চাই না। যতটা সম্ভব একসঙ্গে থাকতে চাই। কিন্তু যাঁরা এগুলো একেবারেই বোঝে না, তাঁরাই পরিবারকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়। দলের যে কোনও ক্রিকেটারকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে, তারাও পরিবারকে পাশে চায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ