Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যর্থ কোহলি, সিরাজের দাপটে জিতল গুজরাত

ব্যর্থ কোহলি, সিরাজের দাপটে জিতল গুজরাত
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ‘সিউউ’ সেলিব্রেশন চিন্নাস্বামী স্টেডিয়ামে অতীতেও করেছেন মহম্মদ সিরাজ। প্রতিবারই দর্শকরা উচ্ছ্বসিত হয়েছেন তাঁর সাফল্যে। বুধবার অবশ্য ঘটল উল্টোটা। হোমটিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই যে জ্বলে উঠলেন সিরাজ। তাঁকে ‘রিটেইন’ না করার রাগটাই যেন উগরে দিলেন বল হাতে। গুজরাত টাইটান্সের পেসার চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রানে নিলেন তিনটি উইকেট। ফেরালেন দেবদূত পাদিক্কাল, ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোনকে। সিরাজের দাপটেই টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রানে থেমে গেল আরসিবি। জবাবে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত টাইটান্স (১৭০-২)। আট উইকেটে জিতে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এলেন শুভমান গিলরা। ব্যাট হাতে দুরন্ত ইনিংস উপহার দেন জস বাটলার। ৩৯ বলে ৭৩ রানে নট আউট থাকেন এই ইংলিশ ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন সাই সুদর্শন (৩৬ বলে ৪৯) ও শেরফান রাদারফোর্ড (১৮ বলে অপরাজিত ৩০)। ব্যাটিংয়ে টপ আর্ডারের বিপর্যয়ের দিনে বল হাতেও ব্যর্থ আরসিবি। ভুবনেশ্বর ও হ্যাজলউড একটি করে উইকেট পেলেও, তা খুব একটা পার্থক্য ঘটাতে পারেনি।

Advertisement

বিরাট কোহলি বনাম সিরাজ, এদিনের ম্যাচের প্রধান আকর্ষণ ছিল এই দ্বৈরথ। সিরাজকে কভারে বাউন্ডারি মেরে শুরুটা ভালোই করেছিলেন ভিকে। তবে তিনি বেশিক্ষণ থাকেননি। আর্শাদ খানের বলে ক্যাচ তুলে ফেরেন বিরাট (৭)। ৬.২ ওভারের মধ্যেই ৪২ রানে চার উইকেট হারায় আরসিবি। পর পর ফেরেন পাদিক্কাল (৪), সল্ট (১৪) ও ক্যাপ্টেন রজত পাতিদার (১২)। পঞ্চম উইকেটে জিতেশ শর্মার সঙ্গে লিভিংস্টোনের জুটি চাপ কমায়। দু’জনে মাত্র ৩৮ বলে যোগ করেন ৫২ রান। সাই কিশোর অবশ্য জিতেশের (৩৩) পর দ্রুত ফেরান ক্রুণাল পান্ডিয়াকে (৫)। চাপের মুখে লিভিংস্টোন (৫৪) টানতে থাকেন দলকে। তাঁর পঞ্চাশ আসে ৩৯ বলে। শেষ পাঁচ ওভারে আরসিবি তোলে ৬৪ রান। তার মধ্যে টিম ডেভিড ১৮ বলে নট আউট থাকেন ৩২ রানে। সিরাজ ছাড়া গুজরাতের হয়ে বল হাতে সফল সাই কিশোর (২-২২)। তবে রশিদ খান চার ওভারে দেন ৫৪ রান। 
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাত ক্যাপ্টেন শুভমান গিল (১৪) দ্রুত ডাগ-আউটে ফেরেন। ভুবনেশ্বর কুমারের বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন তিনি। চলতি আসরে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ গুজরাত অধিনায়ক। তবে তাঁর ব্যর্থতা ঢাকা পড়ে যাচ্ছে সঙ্গী ওপেনার সাই সুদর্শনের ধারাবাহিকতায়। প্রথম দু’টি ম্যাচেই হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন ২৩ বছরের বাঁ-হাতি ব্যাটার। এদিনও চাপের মুখে বাটলারের সঙ্গে দলকে টানলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ