Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চারদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু কোহিনুর বাগানের কাজকর্ম

অচলাবস্থা কাটল আলিপুরদুয়ার-২ ব্লকের কোহিনুর চা বাগানের। চার দিন বন্ধ থাকার পর আজ, রবিবার ফের বাগানের স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে। রবিবার এই বাগান বন্ধ থাকে না।

চারদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু কোহিনুর বাগানের কাজকর্ম
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: অচলাবস্থা কাটল আলিপুরদুয়ার-২ ব্লকের কোহিনুর চা বাগানের। চার দিন বন্ধ থাকার পর আজ, রবিবার ফের বাগানের স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে। রবিবার এই বাগান বন্ধ থাকে না। কোহিনুর চা বাগানের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

Advertisement

অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে চলছে বাগানটি। এই বাগানের কোনও মালিকানা নেই। শুধুমাত্র পাতা তোলার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাগানের মোট শ্রমিক সংখ্যা ৮৮৮ হলেও এই মুহূর্তে কাজ করছেন ৬৫০ জন।
অভিযোগ, মালিকানা না থাকায় বাগানের প্রায় দু’শো অবসরপ্রাপ্ত শ্রমিকের পিএফ ও গ্রাচ্যুইটির টাকা মিলছে না। কর্মরত শ্রমিকদের পিএফ-এর টাকাও জমা হচ্ছে না। মহিলা শ্রমিকদের ন্যায্য মাতৃত্বকালীন ছুটিও অমিল। এই ক্ষোভ তো ছিলই। তার উপর সম্প্রতি ২৮ জন শ্রমিককে জোর করে অবসর নিতে বাধ্য করায় গত মঙ্গলবার মধ্যরাতে ক্ষুব্ধ শ্রমিকরা বাগানের ফ্যাক্টরি ও ম্যানেজারের অফিসে তালা ঝুলিয়ে দেন। বুধবার বাগানের গেটে বিক্ষোভ দেখিয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। ফলে বুধবার থেকে বাগানের কাজকর্ম বন্ধ ছিল।
কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবিদাওয়া মেনে নেওয়ায় আজ, রবিবার থেকে বাগানের স্বাভাবিক কাজকর্ম ফের চালু হচ্ছে। বাগানের ম্যানেজার প্রিয়ব্রত ভদ্র বলেন, পিএফ কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। অবসরপ্রাপ্ত শ্রমিকরাও তাঁদের পিএফএর টাকা পেয়ে যাবে। 
বাগানের ম্যানেজার আরও বলেন, বাগানের কর্মসংস্কৃতি সচল রাখতে শুক্রবার স্বাধীনতা দিবসের দিন শ্রমিকদের আগাম ৫০০ টাকা করে মজুরি দেওয়া হয়েছে। বাগানের মহিলাদের মাতৃত্বকালীন ছুটিও লাগু করা হয়েছে। বাগানে আর কোনও সমস্যা নেই। শ্রমিকদের সব দাবি পূরণ হওয়ায় খুশি  সিটুর আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ