আরও উন্নতি চান কোম্যান
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হোস্টন: জাপানের বিরুদ্ধে আটকে যেতেই উঠেছিল গেল গেল রব। তবে শনিবার দ্বিতীয় ম্যাচেই চেনা মেজাজে ডাচ-ব্রিগেড। সুইডেনকে ৫-১ গোলে দুরমুশ করে চলতি আসরে প্রথম জয় তুলে নিল নেদারল্যান্ডস। ম্যাচে জোড়া গোল কডি গাকপো ও ব্রিয়ান ব্রবির। এই জয়ের সুবাদে গ্রুপ এফ’র শীর্ষে উঠে এল কমলা জার্সিধারীরা। ফলে ‘রাউন্ড অব ৩২’র ম্যাচে ব্রাজিল কিংবা মরক্কোর মুখোমুখি হতে হবে তাদের। যদিও কোচ রোনাল্ড কোম্যান এখনই তা নিয়ে ভাবতে নারাজ। বরং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিরুদ্ধে জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁর। সেই সঙ্গে দলের খেলায় চাইছেন আরও উন্নতি। সুইডেন ম্যাচ শেষে নেদারল্যান্ডস কোচ বলেন, ‘এই জয় অবশ্যই তৃপ্তির। ছেলেরা শুরু থেকেই দাপট বজায় রেখেছিল। তবে এখনও অনেক জায়গায় উন্নতির জায়গা রয়েছে। বিশেষত রক্ষণ আরও জমাট করতে হবে। দু’টো ম্যাচেই খুব সহজে বিপক্ষ আক্রমণের জায়গায় পৌঁছে গিয়েছিল। পরবর্তী পর্যায়ে একই ভুল করলে চলবে না।’

Advertisement