নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তা গতকালই জানা গিয়েছিল। আজ, সোমবার বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক। হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। রাজ্য বিজেপির সদর দপ্তরে বিজেপিতে যোগদানের পরে কোয়েল বলেন,‘রাজ্য়সভায় সদস্য হতে পারা আমার কাছে গর্বের। গত কয়েকমাসে রাজ্যের নতুন সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আমিও দেশের জন্য কাজ করতে চাই। মানুষের মঙ্গল হোক, সেটাই চাই। ছোট থেকেই আমি সেবার সঙ্গে যুক্ত। আমি চাই বাংলার মানুষ আনন্দে থাকুক।’
সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপিতে যোগদানের পাশাপাশি কোয়েল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানান তাঁকে এই দায়িত্ব দেওয়া জন্য। তিনি বলেন,‘এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। তাঁরাই আমাকে মনোনীত করেছেন।’
বিগত কয়েকবছরে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ফলে যে দাগ টলিউডে লেগেছে, তা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীকে। কোয়েল কি টলিউডের উন্নয়নেও কাজ করবেন? এই প্রশ্ন করা হলে তিনি বলেন,‘অবশ্যই। ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে রয়েছি। ওটা আমার কাছে একটা আবেগ। সেখানে এত বছর কাজ করার জন্যই হয়তো আজ আমাকে রাজ্যসভার বিজেপি সাংসদ পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। হয়তো ইন্ডাস্ট্রিতে যদি আমি কাজ না করতাম, তাহলে এই দায়িত্ব আমাকে দেওয়া হতো না।’
চলতি বছেরের এপ্রিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন রুক্মিণী মল্লিক অর্থাৎ কোয়েল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদও হন। যদিও রাজ্যে পালাবদলের পরেই সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। এবং এরপরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জল্পনা ছিলই। এবার সরাসরি ‘ফুল বদল’। মমতা-তৃণমূলও নয়, ঋতব্রত-তৃণমূলও নয়। কোয়েল সরাসরি যোগ দিলেন ‘পদ্মফুলে’। যদিও কোয়েল তৃণমূল সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি। প্রাক্তন দলের কারও নাম করেও কোনো বিরূপ মন্তব্য করেননি। শুধু বলেছেন,‘কাউকে ছোটো করে, কাউকে অপমান করে যাঁরা মানসিক আরাম পেয়েছেন, সেটা নিজেদের একটা হতাশা থেকেই করেছেন। তাঁরা নিজেরা অসুখী। মানসিকভাবে সুস্থ থাকুন।’ এছাড়াও কয়েল বলেন,‘কোনোদিনও কোনো খারাপ কথা আমি আগেও বলিনি, আজকেও বলব না। এই সরকার খুব ভালো কাজ করছে। বিজেপিতে যোগদান করে দেশের সেবায় কাজ করতে চাই। দেশের মঙ্গলের জন্য কাজ করতে চাই। আশির্বাদ করবেন।’