নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকা ধর্ষণের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড হল বুধবার। পাশাপাশি আসামি পাপ্পু বণিককে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বারাসতের পকসো কোর্টের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে বাড়ি নির্যাতিতা নাবালিকার। ২০১৯ সালে তার বয়স ছিল আট বছর। অভিযুক্ত পাপ্পু বণিক নাবালিকার প্রতিবেশী। পাপ্পুর মেয়ে আবার ওই বালিকার বন্ধু। তারা একসঙ্গে খেলত, গল্প করত। ২০১৯ সালের ২৪ অক্টোবর পাপ্পুর বাড়িতেই দুই বান্ধবী খেলছিল। অভিযোগ, সেই সময় নিজের মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে কন্যাসম প্রতিবেশীকে ধর্ষণ করে পাপ্পু। এমনকী, একথা কাউকে না বলার জন্য হুমকিও দেয় তাকে। এরপর কাঁদতে কাঁদতে ওই নাবালিকা নিজের বাড়িতে চলে যায়। ছোট্ট মেয়েটিকে ওভাবে কাঁদতে দেখে প্রতিবেশীদের কয়েকজন জিজ্ঞাসাও করেন। কিন্তু সে কিছু বলেনি। সেই সময় বাড়িতে ছিলেন না নির্যাতিতার মা। পরিবারের অন্যান্যরা চেপে ধরলে ঘটনার কথা জানিয়ে দেয় সে। এরপর নির্যাতিতার মা নিউটাউন থানায় গিয়ে পড়শি পাপ্পুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্ত চালিয়ে নিউটাউন থানার পুলিস পাপ্পুকে গ্রেপ্তার করে। প্রায় ছ’বছর ধরে মামলা চলার পর বুধবার সাজা ঘোষণা হয়। মামলায় সরকারপক্ষের আইনজীবী গৌতম সরকার বলেন, পাপ্পু বণিকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড। -নিজস্ব চিত্র



