Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতিতে অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে থানায় ছাত্রীদের বিক্ষোভ

কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতিতে অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে থানায় ছাত্রীদের বিক্ষোভ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মানিকচকে কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কন্যাশ্রীর টাকা ফেরতের দাবিতে পথে নামল ছাত্রীরা। শুক্রবার তারা মানিকচক থানায় এসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায়।  ছাত্রীরা প্রায় একঘণ্টা ধরে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিসি আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয়। তবে দ্রুত দোষী গ্রেপ্তার না হলে এবং কন্যাশ্রী টাকা না পেলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রীরা।
Advertisement
মানিকচক ব্লকের এনায়েতপুর হাইস্কুলে কন্যাশ্রী টাকা জালিয়াতির ঘটনা সামনে এসেছে। স্কুলের ১২জন ছাত্রী বিষয়টি প্রথমে প্রধান শিক্ষককে জানান। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে প্রায় ৪২জন ছাত্রীর কন্যাশ্রীতে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পান প্রধান শিক্ষক বাদিউজ্জামান। এমনকি সমস্ত কন্যাশ্রীর আবেদন অনুমোদন করেছেন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার বলে দাবি। তার সিল, সই রয়েছে প্রতিটি অনুমোদনে। তৎক্ষণাৎ তিনি সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। আমার সই ও সিল জাল করে জালিয়াতি করা হয়েছে। এটা আমি জেলা আধিকারিকদেরও জানিয়েছি।
অভিযোগের একদিন পরই জেলা কন্যাশ্রী আধিকারিক বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত হন মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন। তারপরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় এদিন মানিকচক থানায় উপস্থিত হন ছাত্রী এবং অভিভাবকরা। প্ল্যাকার্ড নিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। মানিকচক থানার গেটের বাইরে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি এবং টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় তারা।
বিক্ষোভরত ছাত্রী পায়েল খাতুন বলেন, আমাদের কন্যাশ্রীর টাকা ভুয়ো  অ্যাকাউন্টে পাঠিয়ে জালিয়াতি করা হয়েছে। যার অনুমোদন করেছেন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার ও তার সঙ্গে যুক্ত প্রাক্তন অস্থায়ী কর্মী। এবিষয়ে আমরা অভিযোগ করেছি। কিন্তু প্রায় এক সপ্তাহের পরও কোনও গ্রেপ্তারি  হয়নি। এমনকি অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তদন্ত কোন দিকে এগোচ্ছে, বোঝা যাচ্ছে না। আমাদের কন্যাশ্রীর টাকা ফেরতেরও উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই অভিভাবকদের নিয়ে এদিন আমরা বিক্ষোভ প্রদর্শন করি।
এবিষয়ে মানিকচক থানার পুলিস আধিকারিক বলেন, বিক্ষোভ হয়নি। ওরা  নিজেদের দাবি জানিয়েছে। কন্যাশ্রীর অভিযোগটি জেলা ও ব্লক প্রশাসন খতিয়ে দেখছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ