Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টাই কো-অপারেটিভে চেয়ারম্যান কে? তৃণমূলের অন্দরে ঠান্ডা লড়াই

কন্টাই কো-অপারেটিভে চেয়ারম্যান কে? তৃণমূলের অন্দরে ঠান্ডা লড়াই
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটে বিজেপি বধের পর চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা তুঙ্গে। পূর্ব ভারতের মধ্যে অগ্রণী এই শহরাঞ্চলীয় কো-অপারেটিভ ব্যাঙ্কের শীর্ষ দুই পদে কারা বসবেন, তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। ডেলিগেট নির্বাচনের শুরু থেকেই সভাপতি উত্তম বারিক গোষ্ঠী বনাম বিধায়ক অখিল গিরি গোষ্ঠী থেকে প্রার্থী দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দলের তরফে একটা প্যানেল প্রকাশ করা হলেও দুই গোষ্ঠীর কোনও গোঁজ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। সবচেয়ে বড় কথা, দুই গোষ্ঠীর চারজন গোঁজ প্রার্থী এই ভোটে জয়ীও হয়েছেন। মোট ১০৮টি আসনের মধ্যে তৃণমূলের অফিসিয়াল প্যানেলের ১০০জন, গোঁজ তৃণমূল তিনজন, নির্দল একজন এবং বিজেপির থেকে চারজন জয়ী হয়েছেন। অফিসিয়াল এবং গোঁজ মিলে মোট ১০৩জনের মধ্যে কে কোন দিকে রয়েছে সেই সমীকরণ নিয়ে ব্যস্ত গোটা কাঁথি। অখিলবাবু এবং উত্তমবাবু বলেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে হবেন, তা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।
Advertisement
জানা গিয়েছে, মোট ১৪টি নির্বাচনী ক্ষেত্র থেকে ১০৮জন নির্বাচিত প্রতিনিধি ১৫জন ডিরেক্টর নির্বাচিত করবেন। এজন্য ফের ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ডিরেক্টর পদে ভোটাভুটির জন্য মনোনয়ন জমা, তোলা, স্ক্রুটিনি এবং প্রার্থী তালিকা প্রকাশ হবে। তারপর ভোটাভুটি হবে। কাঁথিতে ছ’টি নির্বাচনী ক্ষেত্র রয়েছে। ওই ছ’টি নির্বাচনী ক্ষেত্র থেকে মোট সাতজন ডিরেক্টর নির্বাচিত হবেন। তাঁদের মধ্যে একজন সংরক্ষিত হিসেবে মহিলা হবেন। বাকি ছ’টি ডিরেক্টর পদ অসংরক্ষিত। এছাড়া, রামনগর, এগরা, মঙ্গলামাড়ো, হেঁড়িয়া, বেলদা, হলদিয়া, নন্দকুমার এবং কোলাঘাটের বাড়বড়িশা কেন্দ্র থেকে একজন করে ডিরেক্টর পদে নির্বাচিত হবেন। কাঁথি-২নম্বর কেন্দ্র থেকে প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ভাগ্নের স্ত্রী সুশ্বেতা নায়ক একমাত্র মহিলা প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তাই তাঁর ডিরেক্টর হওয়া ১০০ শতাংশ নিশ্চিত।
চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগরার বিধায়ক তরুণকুমার মাইতি, বিশিষ্ট ব্যবসায়ী মীর মোমরেজ আলি এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তরুণ জানা রয়েছেন। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রাজনৈতিক সমীকরণ মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ১৫জন ডিরেক্টর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। দলের শীর্ষ নেতৃত্ব চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নাম চূড়ান্ত করবে বলে দলীয় সূত্রের খবর। তা না হলে ভোটাভুটি নিশ্চিত। 
এই ভোটে কাঁথি-৫নম্বর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে জয়ী হয়েছেন চিন্তামণি মণ্ডল। তিনি দীর্ঘদিন ওই ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান ছিলেন। দলের একটা অংশ তাঁকে চেয়ারম্যান প্রজেক্ট করে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটে লড়তে চেয়েছিল। কিন্তু, এনিয়ে দলের দুই শিবিরের মধ্যে প্রবল ঝামেলা বাধে। যে কারণে গত ১১ডিসেম্বর কোলাঘাটে বৈঠকের পর দলের প্রকাশিত প্যানেলে তাঁর নাম রাখা হয়নি। যদিও চিন্তামণিবাবু কোনও দলের আনুগত্য ছাড়াই ব্যক্তিগত ক্যারিশ্মায় নির্বাচিত। এছাড়াও, তৃণমূলের প্যানেলে স্থান না পেয়েও কাঁথি-১নম্বর নির্বাচনী কেন্দ্র থেকে দলের দুই গোঁজ প্রার্থী শ্যামাশিস মিশ্র এবং কৃষ্ণেন্দু মাইতি এবং কাঁথি-২নম্বর কেন্দ্র থেকে গোঁজ প্রার্থী কল্লোল ঘোষ জয়ী। তাঁদের মধ্যে কল্লোল ঘোষ অখিল গিরি ঘনিষ্ঠ। বাকি দুই গোঁজ উত্তম বারিক ঘনিষ্ঠ হিসেবে কাঁথির রাজনীতিতে পরিচিত।
বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে আছেন অখিলপুত্র সুপ্রকাশ গিরি। তাই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের শীর্ষপদে নিজেদের মনোনীত ব্যক্তি বসাতে মরিয়া অখিল বিরোধী শিবির। ভোট মিটে যাওয়ার পর আপাতত এনিয়ে গোটা কাঁথি সরগরম।
সম্পর্কিত সংবাদ