Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে এগরার বিধায়ক   

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে এগরার বিধায়ক 
 
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হচ্ছেন এগরার বিধায়ক তরুণকুমার মাইতি। ভা‌ইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ তরুণকুমার জানা। রবিবার কাঁথিতে সেচ বাংলোয় নির্বাচিত ডিরেক্টরদের নিয়ে মিটিং হয়। ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নাম ঘোষণা উপলক্ষ্যে এই ঩মিটিং ছিল। সেখানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সুপারিশ করা মুখবন্ধ খামে দু’জনের নামের তালিকা নিয়ে হাজির হন দলেরই সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তী। এদিনের মিটিংয়ে বিধায়ক অখিল গিরি ও সুকুমার দে ছিলেন।  নবনির্বাচিত কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ১৫ জন ডিরেক্টরের মধ্যে ১১ জন এদিন উপস্থিত ছিলেন।
Advertisement
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৫টি ডিরেক্টর আসনের মধ্যে ১১টি জায়গায় গোঁজ প্রার্থী ছিল। তার মধ্যে বেশিরভাগ সভাধিপতি উত্তম বারিক শিবিরের লোক বলে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ১১ জন গোঁজ প্রার্থী লড়াই থেকে সরে দাঁড়ান। তাই ডিরেক্টরদের মধ্যে অধিকাংশ অখিল শিবিরের লোক হিসেবে পরিচিত। ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদেও প্রাক্তন মন্ত্রী নিজের ঘনিষ্ঠদের বসানোর জন্য তদ্বির করেছেন। কিন্তু, বাস্তবে ঘটল উল্টোটাই। সভাধিপতি উত্তম বারিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এগরার বিধায়ক তরুণকুমার মাইতি ব্যাঙ্কের চেয়ারম্যান হচ্ছেন। এদিন চেয়ারম্যান হিসেবে এগরার বিধায়কের নাম ঘোষণা হতেই উত্তমবাবুর শিবির চাঙ্গা হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় উত্তম বারিক ও তরুণ মাইতির ছবিতে ছয়লাপ করে দেন সভাধিপতির ঘনিষ্ঠরা।
রবিবার সকালেই কাঁথির একাধিক তৃণমূল নেতৃত্বের কাছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম সূত্র মারফত চলে এসেছিল। অখিল গিরি শিবির থেকে চেয়ারম্যান হিসেবে দৌড়ে থাকা তরুণ জানা, ভাইস চেয়ারম্যান পদে দৌড়ে থাকা মির মমরেজ আলি প্রমুখ এদিনের সভায় ছিলেন না। তরুণ জানা ব্যাঙ্কের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছিলেন। ভা‌ইস চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণায় তাঁর অনুগামীরা হতাশ। 
অনেকেই বলছেন, ২০২১ সালে বিধানসভা ভোটের সময় থে঩কে তরুণ জানার সময়টা ভালো যাচ্ছে না। বিধানসভা ভোটে হারের পর ২০২৩ সালে জেলা পরিষদে ভোটে দাঁড়ান। সভাধিপতি হওয়ার জন্য তদ্বির করেন। বোর্ড গঠনের দিন সভাধিপতি না হওয়ার খবর পেতেই মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে চলে যান। তাঁকে মৎস্য কর্মাধ্যক্ষ করা হয়। তবে, তা নিয়ে তিনি সন্তুষ্ট নন। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হওয়া নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু, তাঁকে ভাইস চেয়ারম্যান পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। ব্যাঙ্কের অধিকাংশ ডিরেক্টর অখিল গিরি শিবিরের হওয়ার পরও ব্যাঙ্কের শীর্ষপদ নিজের কাছের লোককে বসিয়ে চমক দিলেন সভাধিপতি উত্তম বারিক। এদিন তরুণ জানা বলেন, আমি অন্য একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় সেচ বাংলোয় সভায় উপস্থিত থাকতে পারিনি। চেয়ারম্যান হিসেবে আমার নাম কারা ভাসিয়েছিল জানি না। তবে, রবিবার যেটা ঘোষণা হয়েছে, সেটাই ফাইনাল। এগরার বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, দল আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ায় আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তাঁদের আস্থার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ