Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবককে ছুরি: আড়া‌ই মাসের মাথায় বর্ধমান স্টেশনে ধৃত অভিযুক্ত

যুবককে ছুরি: আড়া‌ই মাসের মাথায় বর্ধমান স্টেশনে ধৃত অভিযুক্ত
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিট থানা এলাকায় চলন্ত অটো থেকে নামিয়ে এক যুবককে লোহার রড দিয়ে মারধর ও ছুরি দিয়ে কুপিয়ে শহর ছেড়ে চম্পট দিয়েছিল অভিযুক্ত যুবক। ঘটনার আড়াই মাসের মাথায় সোমবার দূরপাল্লার ট্রেন থেকে বর্ধমান স্টেশনে নামা মাত্রই তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিস। ধৃতের নাম শেখ তৌসিক। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হলে বিচারক তাকে ২২ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, পুরনো বিবাদের জেরে পার্ক স্ট্রিট এলাকায় ওই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারি এড়াতে অভিযুক্ত যুবক কিছুদিন দীঘায় কাটায়। তারপর সেখান থেকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে দিল্লিতে। এরপর বাড়ির টানে সে কলকাতায় আসার চেষ্টা করছিল। পুলিস সোর্স মারফৎ তা জানতে পারে। সেই মতো সোমবার বর্ধমান স্টেশনের পার্ক স্ট্রিট থানার একটি দল সাদা পোশাকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দূরপাল্লার ট্রেন থেকে অভিযুক্ত তৌসিক নামা মাত্রই পুলিস তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিসি জেরায় সে জানায়, কলকাতায় বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে  ফের সে বিহারে পালানোর ছক কষেছিল। এদিন আদালতে ধৃত যুবকের কৌঁসুলি ফজলে আহমেদ খানের দাবি, তাঁর মক্কেল ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে পুলিস স্রেফ সন্দেহের বশে গ্রেপ্তার করেছে। তাই যে কোনও শর্তে তাকে জামিন দেওয়া হোক। যদিও সরকারি কৌঁসুলি তার জোরালো আপত্তি জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সে যদি ঘটনার সঙ্গে যুক্তই না থাকে, তাহলে ঘটনার পর কেন সে পালিয়ে বেড়াচ্ছিল? বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পর ধৃতের জামিনের আর্জি বাতিল করে দেন।                      

Advertisement
সম্পর্কিত সংবাদ